চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগ করা দুই শিক্ষক হলেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান ও উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক পারভীন আক্তার।
অধ্যাপক বজলুর রহমান পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, একাডেমিক কাজে ব্যস্ততা বাড়ায় সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। পারভীন আক্তারও ব্যক্তিগত সমস্যা ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।
এ ব্যাপারে অধ্যাপক বজলুর বলেন, নিজের ব্যক্তিগত ও বিভাগীয় নানা দায়িত্ব আছে। গবেষণার কাজ ও বিভাগীয় পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালনের কারণে সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
বিষয়টি নিয়ে অধ্যাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, দুই সহকারী প্রক্টর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এআর