প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৫০ পিএম
মধ্যপ্রাচ্য, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী। সংগৃহীত ছবি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন।
রোববার (২৯ মার্চ) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার তিন প্রতিপক্ষের সঙ্গে পৃথকভাবে দ্বিপাক্ষিক আলোচনা করেন। ইসলামাবাদে আয়োজিত দুই দিনব্যাপী চতুর্মুখী এই সম্মেলনের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ইসহাক দার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, দুই নেতা বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ, কূটনীতি এবং সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এছাড়া দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় স্তরে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তারা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক এক বৈঠকে ইসহাক দার ইরান পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন। তারা দুই দেশের মধ্যকার শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় নিশ্চিত করেন। শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে তারা সংলাপ, উত্তেজনা কমানো, কূটনীতি এবং নিয়মিত সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ইসহাক দার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতির সঙ্গেও বৈঠকে বসেন।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিশেষ করে চলমান ইরান সংঘাতের পরিপ্রেক্ষিতে উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা করেছেন।
/ইউএমএইচ