গত কয়েক বছর সিনেমার আইটেম গানে পাওয়া দারুণভাবে সফল জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসান এবার সিনেমার আইটেম ঘরানার গান থেকেও বিরতির ঘোষণা দিলেন!
গত চারটি ঈদে শাকিব খানের ঈদের সিনেমার জনপ্রিয় হওয়া আইটেম গান লাগে উরা ধুরা, চাঁদ মামা, লিচুর বাগান— ছিল প্রীতমের সৃষ্টি। এই রোজার ঈদেও শাকিবের প্রিন্স সিনেমার জন্য আইটেম গান বানিয়েছেন তিনি। জ্বালা জ্বালা শিরোনামের গানটিতে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।
এ প্রসঙ্গে প্রীতম বললেন, ‘কিছু সময়ের জন্য সিনেমার ড্যান্স ট্র্যাকে কণ্ঠ দেওয়া থেকে বিরতি নিচ্ছি। নতুন কিছু না করার সুযোগ থাকলে আসব আবার। আপাতত হয়তো ফিরে যাব শরতের শেষ থেকে, মরে যাক, খোকার মতো গানে। যেখানে একটু হাইপ কম, কিন্তু আত্মার শান্তি বেশি। আমার সিনেমার কাজ নিয়ে যারা সাপোর্ট করেছেন, এমনকি সমালোচনাও করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’
নিজের এই ঘোষণা প্রসঙ্গে প্রীতম আরো জানান, কয়েক বছর ধরে রুনা লায়লার সঙ্গে গান করার পরিকল্পনা করছিলেন তিনি। চিন্তা করছিলেন এমন কিছু করার, যেখানে ভিন্নভাবে রুনা লায়লাকে উপস্থাপন করা যায়। তাই অপেক্ষা করছিলেন সঠিক সময়ের। তিন মাস আগে সেই সুযোগ সৃষ্টি হয় প্রিন্স সিনেমার মাধ্যমে। রুনা লায়লার সঙ্গে গানের কাজটি করার সময়েই সিনেমার ড্যান্স ট্র্যাক থেকে বিরতির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি।
প্রসঙ্গত গানের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন প্রীতম। এই ঈদে ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ক্যাকটাস। শিহাব শাহীনের পরিচালনায় মানসিভ নামের এক হ্যাকারের চরিত্রে দেখা গেছে তাকে। এতে প্রীতমের সঙ্গে আছেন মেহজাবীন চৌধুরী।
এ সিরিজে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে প্রীতম অভিনীত ওয়েব ফিল্ম তুমি আমি শুধু।
এফআর