ওয়েব সিরিজ চক্র সিজন ১-এর সাফল্যের পর আবারও দর্শকদের সামনে এসেছে চক্র ২। রহস্য, অন্ধকার ও গভীর মানসিক দ্বন্দ্ব নিয়ে নির্মিত এই সাইকোলজিক্যাল থ্রিলার মুক্তির পর থেকেই ভিন্নধর্মী অভিজ্ঞতা দিচ্ছে।
ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্যের আত্মহত্যার ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল চক্র। ১৭ বছর আগের সেই আলোচিত ঘটনার ধারাবাহিকতায় এবার এসেছে আরও টানটান উত্তেজনায় ভরা সিজন ২।
মুক্তির পর থেকে ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে। মাত্র ৪৮ ঘণ্টায় ১ মিলিয়ন মিনিটের বেশি দেখা হয়েছে ভিকি জাহেদ-এর আইস্ক্রিন অরিজিনাল সিরিজ চক্র ২! ১ লাখ মানুষ দেখেছেন।
সিরিজটির এই সাফল্য উদযাপন করতে রোববার (২৯ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এর নির্মাতা কলাকুশলীরা উপস্থিত থেকে শুটিং অভিজ্ঞতা ও মুক্তির পর দর্শকদের ফিডব্যাকের নানা অভিজ্ঞতা শেয়ার করেন।
সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, চক্র ২ দর্শকদের কাছে ভিন্নধর্মী একটি গল্প উপস্থাপন করেছে। আমাদের লক্ষ্য ছিল মানসম্মত কনটেন্ট তৈরি করা, যা দর্শকদের ভাবাবে এবং বিনোদন দেবে।
নির্মাতা ভিকি জাহেদ এবং অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, মেঘলা মুক্তা, মৌসুমি মৌ ও গাজী রাকায়েত জানান, এই সিরিজের কাজটি ছিল চ্যালেঞ্জিং। গল্প, নির্মাণ ও অভিনয়ের সমন্বয়ে দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা করেছি। দর্শকদের ইতিবাচক সাড়া আমাদের আরও ভালো কাজের অনুপ্রেরণা দিচ্ছে।
ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু, ইহতিশাম আহমদ, মেঘলা মুক্তা, মৌসুমি মৌ, গাজী রাকায়েত, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে। তাদের অভিনয় ও রহস্যময় গল্প মিলিয়ে চক্র ২ পেয়েছে দর্শকপ্রিয়তা।
সময়ের আলো/জেডআই