প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ এএম
ছবি : সংগৃহীত একসময় জমকালো আয়োজনে চিত্রনায়িকা পরীমণির জন্মদিন উদযাপিত হলেও সময়ের সঙ্গে বদলেছে তার জৌলুস। আয়োজনে এসেছে নতুন ধরন। কোনো আড়ম্বর নয়, এবার শরতের শুভ্র শিউলি ফুলের স্নিগ্ধতায় জীবনের বিশেষ দিনটি উদযাপন করলেন তিনি। এবারের আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’।
শনিবার ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এবারের পুরো আয়োজনের মূল অনুপ্রেরণা ছিল শরতের শিউলি ফুল। ফুলটির কোমলতা ও প্রকৃতির সৌন্দর্যকে উপজীব্য করেই সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠান। এমনকি শিউলি ফুলের নকশা করা শাড়ি পরে হাজির হন পরীমণি। অভিনেত্রী জানান, অক্টোবর মাস এলেই তার মনে শিউলি ফুলের কথা সবার আগে ভেসে ওঠে। সেই ভালো লাগা থেকেই জন্মদিনের আবহ তৈরিতে এই ফুল বেছে নেওয়ার সিদ্ধান্ত।
পরী বলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েও বলেছিলাম আমাকে অনেক শিউলি ফুল এনে দিতে। কিন্তু এই ফুল চার-পাঁচ ঘণ্টার বেশি তাজা রাখা অসম্ভব। ফুল সংগ্রহের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি জানান, এক ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে তার জন্য শিউলি ফুল পাঠিয়েছিলেন। তবে ফুল দ্রুত মলিন হয়ে যাওয়ায় পুরো ভেন্যু সাজানো সম্ভব হয়নি। পরে সেই ফুল অনুষ্ঠানস্থলের সিঁড়িতে বিছিয়ে রাখা হয়।
জন্মদিনের এই অনুষ্ঠানে নতুন সিনেমার খবর দিয়ে সবাইকে চমকে দেন পরীমণি। উন্মোচন করা হয় ‘ফারজানা’ সিনেমার পোস্টার। সিনেমাটি নিয়ে অভিনেত্রী জানান, প্রায় ছয় মাস আগে কাজটির লুক নির্ধারণ করা হয়েছিল। পরে বিস্তারিত কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যা সামনে আসে।
পরীমণি বলেন, ‘এটা প্রায় ছয় মাস আগে লুক সেট করেছিলাম। তারপরে ডিটেলসে আমরা যখন কাজে যাচ্ছিলাম, নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। শিডিউল— সবকিছু মিলে শুটিংয়ে ওভাবে যাওয়া হচ্ছিল না। এত দিন কাজটি নিয়ে প্রকাশ্যে কথা না বললেও এবার জন্মদিনের আয়োজনের মধ্য দিয়ে বিষয়টি জানানোর উপযুক্ত সময় মনে হয়েছে।
‘ফারজানা’ নামের সিনেমাটি পরিচালনা করছেন তারেক রহমান। জন্মদিনের আয়োজনের একপর্যায়ে দীর্ঘদিন ধরে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমণি।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে