প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:২৩ এএম
ছবি : সংগৃহীতদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে রাজধানীর মগবাজারের ‘বিশাল সেন্টার’ শপিং মল কমপ্লেক্সের সামনে পার্কিং করে রাখা গাড়িটিতে এই হামলার ঘটনা ঘটে। খবরটি ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী। সামাজিকযোগাযোগের মাধ্যমে তিনি লিখেছেন, ‘ঘুম থেকে উঠে দেখলাম,আমার ভাই আসিফ আকবরের গাড়িতে হামলা, আমরা শিল্পীরা মানুষকে জীবন দিয়ে গান শুনিয়ে, জীবন নিতে পারি না, আমরা কি নিরাপদ সবাই, আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তদন্ত করে বের করা হোক কারা ঘটিয়েছেন এই ঘটনা। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।’
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী বলেন, গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনিসংকেত। এটা হওয়া উচিত না। এর তীব্র প্রতিবাদ জানাই। আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ তোমাকে ভালো রাখুন।
গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ইথুন বাবু বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। হামলাকারীদের শনাক্ত করার জোরালো দাবি জানাচ্ছি। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শিল্পী হোক কিংবা সাধারণ মানুষ, কারও নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।