প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৪৬ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৯:৪৮ পিএম
ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এ অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।
আপাতত তাকে কেমোথেরাপি দিতে হচ্ছে না। ওষুধের মাধ্যমেই তার চিকিৎসা চলছে। তার শারীরিক উন্নতিতে আশাবাদী লন্ডনের চিকিৎসকরা।
গত ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ইলিয়াস কাঞ্চন নিজের অসুস্থতার কথা উল্লেখ করে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন থাকলেও তার মন পড়ে আছে দেশের মানুষের কাছে এবং নিরাপদ সড়কের আন্দোলনে। যারা ভালোবাসা জানিয়েছেন ও সুস্থতার জন্য দোয়া করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।
দেশে না থাকলেও নিসচার কার্যক্রম থেমে থাকবে না। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সড়ক নিরাপত্তার আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
সময়ের আলো/মহু