প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৪২ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৯:৪৩ পিএম
ব্যান্ডদল ফিডব্যাক। ছবি : সংগৃহীত বাংলা ব্যান্ডসংগীতের ইতিহাসে অনন্য এক নাম ‘ফিডব্যাক’। দেখতে দেখতে সংগীতাঙ্গনে ৫০ বছরের এক অবিস্মরণীয় পথচলা পূর্ণ করল জনপ্রিয় এই ব্যান্ডদলটি। ঐতিহাসিক মাইলফলক ও নতুন অধ্যায়ের সূচনা উদযাপন করতে যাচ্ছে দলটি।
এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ফিডব্যাক। সংবাদ সম্মেলনটির শিরোনাম দেওয়া হয় ‘ফিডব্যাক : ৫০ নট আউট’। দলটি জানায়, দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে শ্রোতাদের কাছে তাদের গান পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংগীতের এই পাঁচ দশকের স্মৃতি, সাফল্য এবং ৫০ বছর পূর্তি উপলক্ষে কী কী আয়োজন থাকছে, তা বিস্তারিত জানাতেই এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘ সংগীতযাত্রাকে স্মরণীয় করে রাখতে নতুন ও পুরোনো গানের মেলবন্ধনে সাজানো হচ্ছে সুবর্ণজয়ন্তীর আয়োজন। সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন অ্যালবাম প্রকাশ, পুরোনো জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন এবং ব্যান্ডের ইতিহাস নিয়ে তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করেছে দলটি। ‘ফিডব্যাক : ফিফটি নট আউট’ শিরোনামে বছরব্যাপী এই আয়োজন শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছে ব্যান্ডটি।
সংবাদ সম্মেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিডব্যাকের প্রতিষ্ঠাতা দলনেতা ও সদস্য ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, গুণী গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, গোলাম মোর্শেদ, সংগীতশিল্পী রফিকুল আলম, বামবার সভাপতি ও মাইলস ব্যান্ডের হামিন আহমেদ, পেন্টাগন ব্যান্ডের সুমন, রেনেসাঁ ব্যান্ডের পিলু খান অবসকিউর ব্যান্ডের টিপু।
মার্চেন্ডাইজ পার্টনার অঞ্জন্সের কর্ণধার শাহীন আহমেদ, ইউনিভার্সাল হসপিটালের ব্যবস্থা পরিচালক আশীষ চক্রবর্তীসহ আরও অনেকে।
১৯৭৬ সালে ‘ফিডব্যাক টুয়েন্টিথ সেঞ্চুরি’ নামে যাত্রা শুরু করা দলটি প্রথম দিকে পপসংগীত পরিবেশন করলেও আশির দশক থেকে পুরোপুরি বাংলা গানে মনোযোগ দেয়। ফোয়াদ নাসের বাবু, এরশাদ মঈনুদ্দিন পলি, মাকসুদুল হক এবং লাবু রহমানের মতো দিকপালদের হাত ধরে শ্রোতাদের মাঝে স্থায়ী জায়গা করে নেয় তারা। নববর্ষের চিরচেনা সুর ‘মেলায় যাই রে’ থেকে শুরু করে ‘মেলা’, ‘উল্লাস’, ‘বঙ্গাব্দ ১৪০০’ ও ‘দেহঘড়ি’র মতো একের পর এক কালজয়ী অ্যালবাম উপহার দিয়েছে দলটি।
বহু চড়াই-উতরাই পেরিয়ে আজও নতুনদের সঙ্গে নিয়ে গান পরিবেশন করে যাচ্ছে ব্যান্ডের বর্তমান সদস্যরা। ১৯৯৫ সালে ‘যায়যায়দিন’ এবং ২০১৭ সালে ‘আরটিভি’ বেস্ট ব্যান্ড পুরস্কারসহ ঝুলিতে জমা পড়েছে অগণিত শ্রোতার ভালোবাসা। বাংলা ব্যান্ডের ইতিহাসে ফিডব্যাকের এই সুরের যাত্রা অমর এক মহাকাব্য হয়ে থাকবে।
সময়ের আলো/মহু