চীনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’। ছবি : সংগৃহীতচীনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’। শুক্রবার ১০ হাজারের বেশি প্রদর্শনী নিয়ে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন থ্রিলারটি ঘিরে প্রযুক্তিশিল্পে আগ্রহ তৈরি হলেও, অগ্রিম টিকিট বিক্রিতে ধীরগতির কারণে এর বাণিজ্যিক সাফল্য নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, প্রযোজনা সংস্থা বোনা ফিল্ম গ্রুপের প্রধান নির্বাহী জিয়াং দেফু স্বীকার করেছেন, ছবিটি নিয়ে দর্শকদের সাড়া এখনো আশানুরূপ নয়। তবে তার মতে, প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করছে চলচ্চিত্রটি।
টিকিটিং প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ছবিটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে মাত্র ৮০ হাজার ইউয়ান, যা প্রায় ১১ হাজার ৯৮০ ডলার। ছবিটির মোট বক্স অফিস আয় দেড় লাখ ইউয়ানের নিচে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। টিকিটের দাম রাখা হয়েছে ২০ থেকে ৯০ ইউয়ানের মধ্যে।
প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, ছবিটি নির্মাণে দুই বছরের বেশি সময় ধরে কাজ করেছেন প্রায় ১০০ জন। এর নির্মাণ ব্যয় ১ কোটি ইউয়ানেরও বেশি, যা প্রায় ১৫ লাখ ডলার। চলচ্চিত্রটির সব চরিত্র, কণ্ঠস্বর ও পটভূমি তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির সাহায্যে। গল্পে এআই-নির্ভর ভবিষ্যতে মানবতার সম্ভাব্য অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
চীনে এআই দিয়ে তৈরি ভিডিওর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ডুইয়িনে গত সেপ্টেম্বরে এআই-নির্মিত স্বল্পদৈর্ঘ্য নাটকগুলো ২০০ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে। তবে অনলাইনে এআই কনটেন্টের জনপ্রিয়তা প্রেক্ষাগৃহেও দর্শক টানতে পারবে কি না, ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’-এর বক্স অফিস ফলাফল সেই প্রশ্ন সামনে এনেছে।
স্বাধীন এআই চলচ্চিত্র নির্মাতা ঝাং জুন এএফপিকে বলেন, শুধু এআই দিয়ে তৈরি হয়েছে বলেই দর্শকেরা সিনেমার টিকিট কিনবেন, এমনটা ভাবার কারণ নেই। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোর এক ব্যবহারকারীর মন্তব্যেও উঠে এসেছে একই প্রশ্ন— এ ধরনের চলচ্চিত্র বিনা মূল্যে অনলাইনে দেখার সুযোগ থাকলে দর্শকের আগ্রহ বাড়তে পারে, তবে এর জন্য অর্থ খরচে তারা কতটা আগ্রহী হবেন, তা অনিশ্চিত।
এদিকে হলিউডেও চলচ্চিত্র নির্মাণে এআইয়ের ব্যবহার নিয়ে আলোচনা বাড়ছে। প্রযুক্তিটির বিস্তারে চলচ্চিত্রকর্মীদের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে এআই দিয়ে নির্মিত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘গডস ডোন্ট গিভ গিফটস’ আগামী ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তির কথা রয়েছে। পাশাপাশি ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউডের ‘মিসঅ্যালাইনড’ নামের একটি আসন্ন চলচ্চিত্রে অভিনয়ের খবরও এআইয়ের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বিতর্ক বাড়িয়েছে।
সূত্র : ফ্রান্স টুয়েন্টিফোর
সময়ের আলো/এমকে