সরকারের কাছে কী আবেদন জানালেন ইলিয়াস কাঞ্চন

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন জাতীয় নিরাপদ সড়ক দিবসে সরকারের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন। সড়ক

2026-10-22T19:55:15+00:00
2026-10-22T19:56:07+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নিরাপদ সড়ক দিবস
সরকারের কাছে কী আবেদন জানালেন ইলিয়াস কাঞ্চন
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:৫৫ পিএম  আপডেট: ২২.১০.২০২৬ ৭:৫৬ পিএম
ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত
চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন জাতীয় নিরাপদ সড়ক দিবসে সরকারের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু দিবস পালন নয়, বরং ২২ অক্টোবর থেকে পরবর্তী এক বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ এবং পরের দিবসে তার অগ্রগতি প্রকাশ্যে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে (২২ অক্টোবর) লন্ডন থেকে একটি লিখিত বক্তব্য দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। অভিনেতা যথাযোগ্য মর্যাদা, সচেতনতা ও দায়িত্ববোধের সঙ্গে দিবসটি পালনের জন্য দেশবাসী, নিসচার নেতাকর্মী ও শুভানুধ্যায়ী, সড়ক ব্যবহারকারী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘২২ অক্টোবর শুধু একটি দিবস নয়। এই দিনটি আমাদের শোক, স্মৃতি, আন্দোলন এবং সড়কে মানুষের জীবন রক্ষার অঙ্গীকারের সঙ্গে গভীরভাবে জড়িত।’

অভিনেতা আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনাকে আমরা অনেক সময় নিয়তি বা দুর্ভাগ্য বলে পাশ কাটাই। কিন্তু অধিকাংশ দুর্ঘটনার পেছনে থাকে চিহ্নিত ঝুঁকি, অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, চালকের ক্লান্তি বা অদক্ষতা, ত্রুটিপূর্ণ যানবাহন, অনিরাপদ সড়ক, পথচারীর নিরাপদ পারাপারের অভাব এবং দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা না পাওয়া। এসব ঝুঁকি কমানো যায়, যদি ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্র নিজ নিজ দায়িত্ব পালন করে। সড়ক দুর্ঘটনা অনিবার্য নয়, নিরাপদ ব্যবস্থা গড়ে তুললে বহু প্রাণ বাঁচানো সম্ভব।’


এদিন সরকারের কাছেও বিশেষ আবেদন জানান নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। তার ভাষ্য, দিবস পালনের মধ্যেই যেন আমাদের উদ্যোগ সীমাবদ্ধ না থাকে। এ ছাড়া ২২ অক্টোবর থেকে পরবর্তী বছরের ২২ অক্টোবর পর্যন্ত সড়ক নিরাপত্তার জন্য একটি পূর্ণাঙ্গ, সময়বদ্ধ ও পরিমাপযোগ্য এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণও চেয়েছেন তিনি।  

পরিকল্পনায় কোন মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থা কোন কাজ করবে, কখন করবে এবং সেই কাজের অগ্রগতি কীভাবে যাচাই করা হবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করার কথা জানান অভিনেতা।

তিনি বলেন, ‘পরবর্তী জাতীয় নিরাপদ সড়ক দিবসে এক বছরের কাজের প্রকাশ্য মূল্যায়ন করা হোক। কী লক্ষ্য নেওয়া হয়েছিল, কতটুকু বাস্তবায়িত হয়েছে, কোথায় ঘাটতি রয়ে গেছে এবং কেন রয়ে গেছে এসব তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। যে ক্ষেত্রগুলোতে দুর্বলতা থাকবে, সেগুলো চিহ্নিত করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার দিতে হবে। এ সময়ে নতুন কোনও ঝুঁকি বা প্রয়োজন দেখা দিলে, সেটিও পরিকল্পনায় যুক্ত করতে হবে।’

ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন। ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত বছরের আগস্টে সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। মাঝে কিছুদিনের জন্য দেশে ফেরেন অভিনেতা। গত ১২ আগস্ট চিকিৎসার জন্য ফের লন্ডনে যান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস। ২০১৭ সালে সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে। এটির প্রতিষ্ঠাতা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালে তার স্ত্রী জাহানারা কাঞ্চন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এরপর ১৯৯৪ সাল থেকে ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের মধ্য দিয়ে নিসচা নিরাপদ সড়কের দাবিকে জনপরিসরে তুলে ধরেছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   নিরাপদ সড়ক দিবস  ইলিয়াস কাঞ্চন  সরকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: