প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:০০ পিএম
ছবি : সংগৃহীতবলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও শেফালি শাহ অভিনীত নেটফ্লিক্সের সিনেমা ‘ডার্লিংস’-এ কাজ করে পরিচিতি পাওয়া অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর দিব্যা ভিনেকর মারা গেছেন।
বুধবার (২১ অক্টোবর) তার আকস্মিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বন্ধু ও জনপ্রিয় রেডিও জকি (আরজে) রোহিণী রামনাথন। দিব্যার প্রয়াণে শোক প্রকাশ করছেন সহকর্মী ও অনুরাগীরা।
ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে রোহিণী জানান, দিব্যার মৃত্যু ছিল আকস্মিক ও অপ্রত্যাশিত। প্রিয় বন্ধুকে হারিয়ে গভীর শোকে আছেন তিনি। পোস্টে রোহিণী লেখেন, অত্যন্ত দুঃখ ও বিস্ময়ের সঙ্গে জানাতে হচ্ছে, তাদের প্রিয় ‘ডিভি’ আর নেই। তার আকস্মিক চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। দিব্যার পরিবার ও কাছের মানুষজন এই শোক সামলে ওঠার চেষ্টা করছেন। এ সময়ে অপ্রয়োজনীয় খোঁজখবর না নেওয়ার জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি।
দিব্যার সঙ্গে ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের স্মৃতিচারণ করে রোহিণী আরও জানান, ফিভার এফএমের সহকর্মীদের কাছে দিব্যা ছিলেন নির্ভরতার প্রতীক। কাজের প্রতি নিষ্ঠা, সহমর্মিতা ও জ্ঞানের কারণে তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন। সহকর্মীকে হারিয়ে গভীরভাবে মর্মাহত রেডিও স্টেশনটির সদস্যরা।
২০২২ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের ‘ডার্লিংস’ সিনেমায় নারী পুলিশ কনস্টেবলের ভূমিকায় অভিনয় করেছিলেন দিব্যা। জসমিত কে রিন পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেন আলিয়া ভাট, শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশন ম্যাথিউ। সিনেমাটির মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন আলিয়া। গৌরী খান ও গৌরব ভার্মার সঙ্গে ছবিটি প্রযোজনা করেন তিনি।
‘ডার্লিংস’ সিনেমার গল্পে উঠে এসেছে পারিবারিক নির্যাতনের শিকার এক নারীর প্রতিশোধের কাহিনি। মুক্তির পর ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়। এ ছাড়া ২০২২ সালের থ্রিলার সিনেমা ‘জলসা’তেও অভিনয় করেছিলেন দিব্যা। বিদ্যা বালান ও শেফালি শাহ অভিনীত ছবিটিতেও কাজ করেছিলেন তিনি।
তবে দিব্যা ভিনেকরের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তার আকস্মিক প্রয়াণে পরিবার, বন্ধু ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস