প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ পিএম
১৬ অক্টোবর ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় নাট্যদল নান্দনিক নাট্যসম্প্রদায়। ছবি : সংগৃহীত১৬ অক্টোবর ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় নাট্যদল নান্দনিক নাট্যসম্প্রদায়। এ বছর নান্দনিক নাট্যসম্প্রদায় ৪৯ বছর পূর্ণ করছে। এ উপলক্ষে ২২ ও ২৩ অক্টোবর ২০২৬ দুই দিনব্যাপী ‘৪৯ বছর পূর্তি উৎসব’-এর আয়োজন করতে যাচ্ছে দলটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
উৎসব প্রসঙ্গে নান্দনিক সভাপতি আ মা ম হাসানুজ্জামান বলেন, ‘নাটকের মাধ্যমে সমাজজীবনের সব জটিলতাকে ছিন্ন করে সুস্থ ও সৎ নাট্যচর্চার ক্ষেত্র সৃষ্টি করা আমাদের কর্তব্য। আমাদের এই ৪৯ বছর পূর্তি উৎসব-মুহূর্তে অভিনন্দন জানাচ্ছি দর্শক ও শুভানুধ্যায়ীদের। তাদের অকুণ্ঠ সহযোগিতা আমাদের প্রযোজনাগুলো মঞ্চে নিয়ে আসতে সাহায্য করেছে।’
নান্দনিক নাট্যসম্প্রদায়ের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বলেন, ‘নান্দনিক বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম ঐতিহ্যবাহী একটি সংগঠন। নানা চড়াই-উতরাই পেরিয়ে আমরা ৪৯ বছরের এই দীর্ঘ পথ অতিক্রম করেছি। নান্দনিক চেতনা জাগ্রত হোক, তোমার আমার সবার প্রাণে— এই প্রতিপাদ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রার অংশীদার হতে চাই।’
২২ অক্টোবর বিকাল ৫টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত মঞ্চনাটক ‘নৃপতি’। ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় ‘নৃপতি’ এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।
সময়ের আলো/প্রিন্ট/এমকে