প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:০৪ পিএম আপডেট: ২১.১০.২০২৬ ৩:০৬ পিএম
ড্যান লিন। ছবি : সংগৃহীত নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিনকে বরখাস্ত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার প্রায় তিন বছরের মাথায় তার বিদায়ের খবর সামনে এল। তবে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নেটফ্লিক্স।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, একাধিক সূত্র ড্যান লিনের দায়িত্ব হারানোর বিষয়টি নিশ্চিত করেছে। সপ্তাহান্তের শুরুতে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সোমবার নিজের দলের সদস্যদের সঙ্গে কথা বলার কথা রয়েছে তার।
নেটফ্লিক্সে সাম্প্রতিক কর্মী ছাঁটাই ও শীর্ষ পর্যায়ে পরিবর্তনের মধ্যেই ড্যান লিনের বিদায়ের খবর এল। এর আগে, গত সপ্তাহে প্রতিষ্ঠানটিতে বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটে। এতে প্রায় এক হাজার কর্মী চাকরি হারান। একই সময়ে প্রতিষ্ঠানটির প্রধান কনটেন্ট কর্মকর্তা বেলা বাজরিয়াকে বরখাস্ত করার খবরও আলোচনায় আসে।
ড্যান লিনের স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে নেটফ্লিক্স এখনো কিছু জানায়নি। এদিকে ওয়ার্নার ব্রাদার্সের চলচ্চিত্র বিভাগের সাবেক প্রধান মাইক ডি লুকা ও পাম অ্যাবডির নেটফ্লিক্সে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। তবে, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
২০২৪ সালে নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের দায়িত্ব নেন ড্যান লিন। এর আগে, তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান রাইডব্যাক পরিচালনা করেছেন। প্রতিষ্ঠানটির প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দ্য লেগো মুভি’, ‘ইট’ ও ‘শার্লক হোমস’-এর মতো চলচ্চিত্র।
নেটফ্লিক্সে দায়িত্ব পালনকালে ৮৮টি চলচ্চিত্রের অনুমোদন দেওয়া কিংবা স্বত্ব সংগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন ড্যান লিন। গত জুনে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছিলেন তিনি। তার সময়ে প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়া উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘এপেক্স’, ‘এমিলিয়া পেরেজ’, ‘হিয়ার কামস দ্য ফ্লাড’ এবং ‘দ্য ফার্দার মিস-অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ’।
ড্যান লিনের বরখাস্তের বিষয়ে নেটফ্লিক্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। নতুন নেতৃত্বে চলচ্চিত্র বিভাগের কার্যক্রম ও কনটেন্ট নির্বাচনের কৌশলে কী পরিবর্তন আসে, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র : ভ্যারাইটি, দ্য নিউ ইয়র্ক টাইমস
সময়ের আলো/মহু