প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম
ছবি : সংগৃহীত হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের পাশাপাশি মুম্বাইয়েও চলছে নানা আয়োজন। আর বলিউড তারকাদের উপস্থিতিতে বিশেষ আলোচনায় থাকে মুম্বাইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজা, যা মুখার্জি পরিবারের পূজা হিসেবেও পরিচিত। এবার এই পূজামণ্ডপে দেখা গেল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে।
সোমবার (১৯ অক্টোবর) মুম্বাইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে পূজা দেখতে যান ‘গাঙ্গুবাই’খ্যাত এই অভিনেত্রী। তার পরনে ছিল ম্যাজেন্টা গোলাপি শাড়ি ও ফিরোজা রঙের ব্লাউজ। তবে এদিন আলিয়ার সঙ্গে ছিলেন না স্বামী রণবীর কাপুর। তিনি এর আগে শনিবার ওই পূজামণ্ডপে গিয়েছিলেন।
তাহলে আলিয়ার সঙ্গী কে ছিলেন? ছবিতে দেখা গেছে, তার সঙ্গে ছিলেন বলিউডের পরিচিত নির্মাতা অয়ন মুখার্জি। রণবীর ও আলিয়াকে নিয়ে ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাণ করেছিলেন তিনি। এই নির্মাতার সঙ্গে তারকা দম্পতির বন্ধুত্ব দীর্ঘদিনের। বন্ধুর সঙ্গেই এবার দুর্গাপূজা দেখতে যান আলিয়া।
নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার সঙ্গে অয়ন মুখার্জির পরিবারেরও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তার দাদা চলচ্চিত্র প্রযোজক শশধর মুখার্জি ১৯৪৮ সালে পরিবারের অন্য সদস্যদের নিয়ে এই পূজার আয়োজন শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি মুম্বাইয়ের অন্যতম বড় দুর্গাপূজায় পরিণত হয়েছে। প্রতিবছর এই পূজামণ্ডপে বলিউড তারকাদের সমাগম ঘটে। তাদের মধ্যে থাকেন কাজল ও রানি মুখার্জির মতো অভিনেত্রীরাও।
সোমবার পূজামণ্ডপে আলিয়াকে দেখে ভক্তরা তাকে ঘিরে ধরেন। অনেকে অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলেন এবং কুশল বিনিময় করেন। আলিয়াও হাসিমুখে ভক্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের আবদারে সাড়া দেন।
এদিকে অয়ন মুখার্জির পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-এও রণবীর ও আলিয়ার অভিনয়ের কথা রয়েছে। তবে সিনেমাটির মুক্তির সময় এখনো জানা যায়নি। আপাতত এই তারকা দম্পতি অপেক্ষায় রয়েছেন তাদের অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার মুক্তির। অন্যদিকে, আগামী ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে রণবীর কাপুর অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ পার্ট ১’-এর।
সময়ের আলো/এসএকে