প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:৩১ পিএম
ছবি : সংগৃহীত‘কে-পপ ডেমন হান্টার্স’ চলচ্চিত্রের ‘গোল্ডেন’ গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া সংগীতশিল্পী ইজে (EJAE) বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক ও সংগীত প্রযোজক স্যাম কিমকে। গত ১৭ অক্টোবর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পারিবারিক আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি।
মার্কিন ফ্যাশন সাময়িকী ভোগ-এর প্রতিবেদন অনুযায়ী, ইজের জন্য বিয়ের স্থানটি ছিল বিশেষ আবেগের।
সিউলের স্টেজ ২৮ নামের ভেন্যুটি একসময় তার দাদা-দাদির বাড়ি ছিল। শৈশবের অনেকটা সময় সেখানে কাটিয়েছেন এই শিল্পী। বাড়ির বাগানে ঘুরে বেড়ানো এবং দাদুর সঙ্গে পেছনের পাহাড়ে হাঁটার স্মৃতি জড়িয়ে রয়েছে জায়গাটির সঙ্গে। জীবনের গুরুত্বপূর্ণ দিনটিতে তাই স্মৃতিবিজড়িত স্থানটিকেই বেছে নেন তিনি।
বিয়ের আয়োজনে আধুনিকতার পাশাপাশি কোরীয় ঐতিহ্যকেও গুরুত্ব দিয়েছেন ইজে ও স্যাম। ঐতিহ্যবাহী কোরীয় বিয়ের রীতি পেবেকের আয়োজনও ছিল তাদের উদ্যাপনে। প্রকাশিত ছবিতে দুজনকে ঐতিহ্যবাহী হানবক পোশাকেও দেখা গেছে। এ ছাড়া বিয়ের মূল অনুষ্ঠানে ইজে পরেছিলেন ডিজাইনার ড্যানিয়েল ফ্র্যাঙ্কেলের তৈরি বিশেষ নকশার গাউন। স্যাম কিমের পোশাকেও ছিল আভিজাত্যের ছাপ।
ইজে ও স্যামের পরিচয় ২০১৭ সালে, একটি গানের সেশনে। সংগীত নিয়ে কাজ করতে গিয়েই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৫ সালের জুনে তাদের বাগ্দান হয়। শুরুতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিয়ের পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করে দক্ষিণ কোরিয়ায় বিয়ের আয়োজন করেন তারা।
‘কে-পপ ডেমন হান্টার্স’ চলচ্চিত্রে রুমি চরিত্রের গানের কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘গোল্ডেন’ গানটির সহ-লেখক হিসেবেও কাজ করেছেন ইজে। গানটির জন্য অস্কার জয়ের পর আন্তর্জাতিক সংগীতাঙ্গনে তার পরিচিতি আরও বেড়ে যায়। পেশাগত সাফল্যের এই সময়েই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। শৈশবের স্মৃতিবিজড়িত স্থানে বিয়ে এবং কোরীয় ঐতিহ্যের সংমিশ্রণে তাদের বিশেষ দিনটি পেয়েছে আলাদা মাত্রা।
সময়ের আলো/এসএকে