প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম আপডেট: ২২.১০.২০২৬ ৭:০৬ পিএম
অমিতাভ বচ্চন। ছবি : সংগৃহীত বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে চিকিৎসকদের পরামর্শে কয়েক দিন বিশ্রামে থাকার কথা জানিয়েছেন তিনি। তবে কী কারণে তাকে বিশ্রাম নিতে হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ লিখেছেন, ‘আমাকে ক্ষমা করবেন। চিকিৎসকেরা আমাকে কয়েক দিন বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। তাই আপাতত কিছু লিখতে পারছি না…।’ তার এই বার্তার পরই শারীরিক অবস্থা নিয়ে কৌতূহল বাড়ে অনুরাগীদের।
চলতি মাসের শুরুতে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে নিজের হাঁটুতে চোট পাওয়ার কথা জানিয়েছিলেন অমিতাভ। আগের দিন শুটিংয়ের সময় পা পিছলে পড়ে গিয়ে আহত হন তিনি। সাধারণত উদ্যমের সঙ্গে মঞ্চে প্রবেশ করে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে কথা বলেন এই অভিনেতা। তবে, চোটের কারণে সেদিন বসেই অনুষ্ঠানের সূচনা করতে হয়েছিল তাকে।
অনুষ্ঠানে নিজের চোটের বিষয়ে অমিতাভ বলেন, ‘সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আমি আমার কথা বলি। কিন্তু আজ আমার হাঁটুতে চোট লেগেছে।’ আগের দিন শুটিংয়ের সময় পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পাওয়ার কথাও জানান তিনি।
কথা বলার সময় বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করেন অমিতাভ। এতে স্টুডিওতে উপস্থিত দর্শকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে, চোট গুরুতর নয় বলে তাদের আশ্বস্ত করেন অভিনেতা। প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় দাঁড়িয়ে থাকার ইচ্ছা থাকলেও অস্বস্তির কারণে অনুষ্ঠানের শুরুর অংশে বসে থাকার সিদ্ধান্ত নেন তিনি। এ সময় দর্শকেরা তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগেও অমিতাভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল। জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল, অস্ত্রোপচার, নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকা এবং সুস্থ হয়ে ওঠার কঠিন অভিজ্ঞতা নিয়ে একটি লেখা প্রকাশ করেন তিনি। তবে সেটি নিজের শারীরিক অবস্থার বর্ণনা ছিল, নাকি সাধারণ কোনো ভাবনা থেকে লেখা, তা স্পষ্ট করেননি অভিনেতা।
এ ছাড়া, মে মাসেও অমিতাভ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। পরে এক প্রতিবেদনে দাবি করা হয়, খবরটি সঠিক নয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে গিয়েছিলেন তিনি এবং সেদিনই বাড়ি ফিরে আসেন।
এবার চিকিৎসকদের পরামর্শে কয়েক দিনের বিশ্রামে যাওয়ার কথা জানালেও অমিতাভের বর্তমান শারীরিক অবস্থা কিংবা বিশ্রামের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ফলে, তার সাম্প্রতিক পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে।
সময়ের আলো/মহু