প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫:৪০ এএম আপডেট: ২৩.১০.২০২৬ ৫:৪০ এএম
ইয়াশ রোহান। ছবি : সংগৃহীত কিছু মানুষ জীবনে আসে গল্প হয়ে, আর কিছু মানুষ আসে পুরো গল্পটাই বদলে দিতে! এমনই কৌতূহলোদ্দীপক ও রহস্যময় এক চরিত্রে দেখা যাবে অভিনেতা ইয়াশ রোহানকে।
তার জীবনের গল্প পাল্টে দিতে হাজির হবেন নাজনীন নীহা। সময়ের আলোচিত এই জুটিকে এবার দেখা যাবে ‘তোমার পরে তুমি’ নাটকে। রাসেল পারভেজের রচনায় রোমান্টিক গল্পের এই নাটকটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন।
গল্পে দেখা যাবে, জীবনের কঠিন সময়ে দাঁড়িয়ে তরুণী সারা। সে কিছু একটা অঘটনের চেষ্টা করে, এমন সময় অতর্কিতভাবে সামনে এসে হাজির হন অপরিচিত এক যুবক। নাম তার সজল, সঙ্গে একটি পোষা বিড়াল। সজল সারাকে জীবন সম্পর্কে বোঝাতে চেষ্টা করেন। সারা সিদ্ধান্ত পাল্টায়। এতদিন পোষা বিড়ালটি সজলের সঙ্গী ছিল, ঘটনাচক্রে এবার যুক্ত হয় সারাও। সে জীবনে নতুন দিশা খুঁজে পায় সজলের কারণে।
গল্পে আসে নতুন মোড়। এগিয়ে যায় নাটকের কাহিনি। নাটকে সজল চরিত্রে দেখা যাবে ইয়াশকে, আর সারা চরিত্রে নাজনীন নীহা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পার্থ শেখকে। এই প্রথম এ তিনজনকে একই নাটকে দেখা যাবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিমসহ অনেকে। ইতিমধ্যে শেষ হয়েছে নাটকের শুটিং। শিগগিরই সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘তোমার পরে তুমি’।
সম্প্রতি প্রকাশিত হয়েছে নাটকটির ট্রেলার। সেখানে দুই তরুণ-তরুণীর দেখা হওয়ার দৃশ্যের সঙ্গে শোনা যায়, ‘কিছু গল্প শুরু হয় কথা থেকে, আর কিছু গল্প শুরু হয় ছোট একটা হাসি থেকে’। হাসিমুখে মেয়েটির দূরে সরে যাওয়া, আবার পেছন ফিরে তাকানো আর চোখের ইশারায় মুগ্ধ তরুণের অভিব্যক্তি— ট্রেলারে মিলেছে নতুন প্রেমের আভাস। ট্রেলারটি দর্শক মহলে আগ্রহ বাড়িয়েছে।
নাটকটিতে ব্যবহার করা হয়েছে ‘তোমার পিছু’ নামের একটি গান। নাজির মাহমুদের সুরে এটি গেয়েছেন রিয়াদ। নাটকটি প্রসঙ্গে নির্মাতা জাহিদুল ইসলাম সুজন বলেন, নাটকের গল্পটি চমৎকার যা দর্শকদের আকৃষ্ট করবে। নাটকে ইয়াশের সঙ্গে একটি বিড়ালকে দেখানো হয়েছে। কিন্তু অন্তত আক্ষেপের বিষয় বিড়ালটি পৃথিবীতে আর নেই। একটি অংশের শুটিংয়ের পর বিড়ালটি মারা যায়। এ ঘটনায় ইয়াশসহ ইউনিটের সবার মন খারাপ হয়ে যায়।
প্রসঙ্গত, এর আগেও ইয়াশ রোহান ও নাজনীন নীহা বেশ কিছু নাটকে কাজ করেছেন। অবুঝ পাখি, উয়িশ কার্ড, মনের মতো মন নাটকগুলোতে তাদের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের নতুন নাটক ‘নিয়তি।’ পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। একটি কলেজের দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে নাটকটি এগিয়েছে। নাটকে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও জয়নাল জ্যাক।
সময়ের আলো/প্রিন্ট/এমকে