দেশীয় চলচ্চিত্রের গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণির জন্মদিন আজ। ছবি : সংগৃহীত দেশীয় চলচ্চিত্রের গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণির জন্মদিন শনিবার। ৩৩ পেরিয়ে জীবনের ৩৪ বসন্তে পা রাখছেন তিনি। ঢালিউডে আসার পর থেকে জাঁকজমকভাবে দিনটি উদযাপন করলেও ২০২৩ সালে প্রিয় নানাকে হারানোর পর কোনো আয়োজন করেননি এই নায়িকা। একেবারেই ঘরোয়া আয়োজনে কেটেছে জন্মদিন। তবে এবার তার কাছের মানুষদের নিয়ে ছোট পরিসরে জন্মদিনে একটি সন্ধ্যা কাটানোর পরিকল্পনা করেছেন তিনি।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘নানা ভাই চলে যাওয়ার পরে আসলে আমি বার্থডে কখনো সেলিব্রেটই করি নাই। আমি নানা ভাইকে ছাড়া কেক কাটব, সবাইকে নিয়ে হইচই করব সেটা আমার মাথায় আসে না একদমই। কিন্তু আমার মনে হয় বড় আয়োজন না হোক, কাছের প্রিয় মানুষজন, তাদের নিয়ে একটুখানি একটা সন্ধ্যা তো কাটাতেই পারি। সে ভাবনা থেকেই এবার আমার কাছের মানুষদের নিয়ে একটি আয়োজন রয়েছে। তা ছাড়া আমার সঙ্গে ছেলে ও মেয়ে দুজনই থাকছে এবারের জন্মদিনে। এটা একটা আলাদা আনন্দ। সবার কাছে দোয়া চাইছি আমার সন্তানদের জন্য।’
১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন পরীমণি। তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। মাত্র তিন বছর বয়সে মাকে হারান তিনি। এরপর বাবা মনিরুল ইসলাম তাকে রেখে আসেন পিরোজপুরের শঙ্করপাশা গ্রামে নানাবাড়িতে। সেখানেই নানা শামসুল হক গাজীর স্নেহে বেড়ে ওঠেন অভিনেত্রী। পরবর্তীতে তার বাবারও মৃত্যু হয়। পরীর বাবা পেশায় একজন পুলিশ কনস্টেবল ছিলেন।
চিত্রনায়িকা হিসেবে খ্যাতি পেলেও পরীমণি শুরুতে নাচের শিল্পী ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে নাচের পাশাপাশি অভিনয়ের সুযোগ পান টেলিভিশন নাটকে। ‘সেকেন্ড ইনিংস’, ‘এক্সক্লুসিভ’ , ‘এক্সট্রা ব্যাচেলর’ ও ‘নারী ও নবনীতা তোমার জন্য’সহ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি।
২০১৫ সালে নজরুল ইসলাম খানের পরিচালনায় ‘রানা প্লাজা’ সিনেমার মাধ্যমে প্রথম বড়পর্দায় অভিনয়ের সুযোগ হয় পরীমণির। তবে নানা জটিলতায় সিনেমাটি এখন পর্যন্ত মুক্তি না পেলেও ‘রানা প্লাজা’ দিয়েই আলোচনায় আসেন পরী। মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী।
২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় পরীমণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘মহুয়া সুন্দরী’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।
পরীমণিকে সবশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমা। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন একটি সিনেমাতেও কাজ করছেন তিনি। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন নিরব। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে লীসা গাজী পরিচালিত ‘শাস্তি’ সিনেমাটিতেও দেখা যাবে তাকে।
এদিকে কিছু দিন আগেই শেষ করেছেন গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’-এর কাজ। নতুন এই কাজটিতে পরীমণির সঙ্গে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। ‘সেপারেশন’ মুক্তি পাবে আইস্ক্রিন প্ল্যাটফর্মে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে