যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দেওয়ার জন্য ইরাকের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। রোববার (২৯ মার্চ) সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে করা এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেছে এনডিটিভি।
মোজতবা খামেনির প্রকাশ্যে না আসা নিয়ে তার শারীরিক অবস্থা ও অবস্থান সম্পর্কে জোর জল্পনা চলছে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং দেশটির কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, তিনি বিমান হামলায় আহত হলেও সুস্থ হয়ে উঠছেন।
এদিকে সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, মোজতবা খামেনি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়া এবং তেহরানের প্রতি সমর্থন জানানোর জন্য ইরাকের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এখানে ইরাকভিত্তিক গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানির কথা উল্লেখ করেছেন মোজতবা খামেনি।
সংবাদ সংস্থাটি জানায়, শিয়া দল ইসলামিক সুপ্রিম কাউন্সিল অব ইরাক এবং বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর এই বার্তাটি দেয়া হয়। তবে বার্তাটি কীভাবে পাঠানো হয়েছে সে বিষয়ে আর কোনো বিস্তারিত জানানো হয়নি।
সময়ের আলো/আআ