দেশের জ্বালানি ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ধরে রাখতে আবারও মূল্য সমন্বয়ের পথে হাঁটছে সরকার। আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে মার্চ মাসের ধারাবাহিকতায় মঙ্গলবার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হবে।
সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, বৈশ্বিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশেষ করে ডিজেলের পর্যাপ্ত মজুত থাকায় তাৎক্ষণিক কোনো সংকটের আশঙ্কা নেই। মার্চের শেষ দিন পর্যন্ত সরকারি গুদামে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল সংরক্ষিত আছে। পাশাপাশি এপ্রিলের জন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশের মোট জ্বালানি ব্যবহারের বড় অংশই ডিজেল নির্ভর। কৃষি সেচ ও পরিবহন খাতে ব্যাপক ব্যবহারের কারণে ডিজেলের দাম স্থিতিশীল রাখা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এ কারণেই সরকার মূল্য নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করছে।
অন্যদিকে, অকটেন ও পেট্রোলের তুলনামূলক কম ব্যবহার জ্বালানি ব্যবস্থাপনাকে কিছুটা সহজ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে জ্বালানি সাশ্রয়ে বিকল্প কৌশল নিয়েও ভাবছে সরকার। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় সীমিত করা এবং প্রয়োজনে শিক্ষা কার্যক্রম অনলাইনে নেওয়ার মতো পদক্ষেপ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে চাপ কমাতে এসব উদ্যোগ কার্যকর হতে পারে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।
এএডি/