প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:৪৪ এএম
সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সংগৃহীত ছবিমাদারীপুর-১ আসনের ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা জাতীয় সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারিয়ে ফেললেন।
সোমবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মজার ভঙ্গিতে এই ঘটনার কথা জানিয়েছেন তিনি।
আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেলো মন্তব্য করে পোস্টে হানজালা লিখেছেন, নামাজ শেষে দেখি, আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে। এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা।
তিনি আরও বলেন, যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন, আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হবো। আপনার জুতাটি আগের জায়গায় রাখা আছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মাদারীপুর-১ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩৮৫ ভোটে জয় পান বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
/ইউএমএইচ