বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক এক বৈঠকে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে ক্রীড়া ও যুব উন্নয়ন নিয়ে বহুমুখী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ক্রীড়া খাতকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের একটি কার্যকর মাধ্যম হিসেবে তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নানা উদ্যোগ হাতে নিয়েছে, যার অংশ হিসেবে সম্প্রতি খেলোয়াড়দের জন্য ভাতা ও ক্রীড়া কার্ড চালু করা হয়েছে।
আলোচনায় উঠে আসে, ভলিবল, আর্চারি, ব্যাডমিন্টন ও শুটিংয়ের মতো ডিসিপ্লিনে দুই দেশের মধ্যে যৌথ প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতার বড় সুযোগ রয়েছে। বিশেষ করে কোচ উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ।
আরও পড়ুন
এছাড়া ক্রীড়া কূটনীতির অংশ হিসেবে চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে দেশের স্পোর্টস ইনস্টিটিউট ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে চীনা বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
অন্যদিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের খেলোয়াড়দের জন্য ভাতা চালুর উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, প্রস্তাবিত প্রীতি ম্যাচের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়া খাতে বিনিয়োগ ও প্রশিক্ষণ সহযোগিতার সম্ভাবনা রয়েছে।
এএডি/