সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সংসদে অভিযোগ করে বলেছেন, ‘বীর মুক্তিযোদ্ধা হলেও তালিকা থেকে আওয়ামী লীগ সরকার আমার নাম বাদ দিয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ তোলেন।
গাজী নজরুল ইসলাম বলেন, ‘মাননীয় স্পিকার আপনি জানেন, আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৯১ থেকে ১৯৯৬ আমরা একসঙ্গে সংসদে ছিলাম। আবার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্তও আপনার সঙ্গে সংসদে ছিলাম। এবার আমার তৃতীয়বার সংসদে আসা।’
তিনি বলেন, ‘২০০৬ সালের পর যে নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল তখন আমার নাম মুক্তিযোদ্ধার খাতা থেকে কেটে দেয়। তখন থেকে আজ পর্যন্ত আমি এ সুবিধা থেকে বঞ্চিত আছি; বীর মুক্তিযোদ্ধা হিসেবে যে গৌরব, সেটা থেকেও আমি বঞ্চিত। এলাকার সবাই আমাকে মুক্তিযোদ্ধা বলে জানে। আপনিও জানেন মাননীয় স্পিকার।’
তিনি আরও বলেন, ‘আমার যে হারানো গৌরব; আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি মেজর জলিল সাহেবের নেতৃত্বে নবম সেক্টরে; এ হারানো গৌরবটা আমি ফিরে পাবো কি না; সেটা জানতে চাই। আমার প্রয়োজনীয় কাগজপত্র সব গচ্ছিত আছে, সবই দেখাবো ইনশা আল্লাহ। আমার মতো আরও অনেকে নিগৃহীত হয়েছেন, এখানেও আমাদের অনেক ভাই বললেন। সেটা আমাদের আবার ফিরিয়ে দেওয়া হবে কি না, সেটা জানতে চাই।’
সময়ের আলো/কেএইচও