জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের অতি ধনীদের ওপর আয়করের হার আরও বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। ব্যক্তিশ্রেণির করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ করহার বিদ্যমান ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার পরিকল্পনা করছে। তবে এই নতুন কর হার ২০২৭-২৮ অর্থবছর থেকে কার্যকর হতে পারে বলে আরও জা্না গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এনবিআর সদর দফতরে এক প্রাক-বাজেট আলোচনা সভায় এই পরিকল্পনার কথা জানান।
আবদুর রহমান খান বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে আগামী অর্থবছরের পরের বছর থেকে এটি কার্যকর করার। এই প্রস্তাবটি আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে দেব।’
তিনি বলেন, ‘সুপার রিচ গ্রুপ—যাদের বার্ষিক আয় ১ কোটি টাকা, দেড় কোটি টাকা কিংবা ৫ কোটি টাকার বেশি—এমন যেকোনো একটি নির্দিষ্ট অতি ধনী গ্রুপের ওপর আমরা এই বর্ধিত কর হার চালু করতে পারি।’
আয়কর বাড়ানোর পাশাপাশি তামাকজাত পণ্যের বিষয়েও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘আগামী বাজেটে তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধির পরিকল্পনাও তাদের রয়েছে।’
সময়ের আলো/কেএইচও