ঝিনাইদহে তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও আল-আমিন এবং বিএসটিআইয়ের পরিদর্শক মামুনুর রহমান।
অভিযানকালে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখার দায়ে ইয়াফাদ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, ইউসুফ-২ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং ঝিনাইদহ ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে তামিম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের পরিদর্শক মামুনুর রহমান জানান, অভিযানকালে দেখা গেছে বিক্রি বন্ধ রাখা ফিলিং স্টেশনগুলোতে ২ হাজার থেকে ২৩০০ লিটার পর্যন্ত তেল মজুদ ছিল। জরিমানার পাশাপাশি তাদের অবিলম্বে তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তেলের অবৈধ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট রোধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, একই অভিযানে তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পাঁচজনকে মোট ২০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাগজপত্র না থাকায় আরও দুই মোটরসাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এফআর