দেশের বাজারে সোনার দাম টানা চার দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (১ এপ্রিল) সর্বশেষ প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায় পৌঁছেছে, যা আগের দিন ছিল দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে দেশীয় বাজারেও এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির পেছনে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনাকে অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৭৫ ডলারের বেশি।
এর আগে, জানুয়ারির শেষ দিকে দাম ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল, যা পরে কিছুটা কমে আসে।
গত মাসের শেষদিকে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশীয় বাজারেও পড়ে। ২৯ জানুয়ারি একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়, ফলে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়ে।
/ইউএমএইচ