ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের নারী যাত্রীকে ইভটিজিং করার দায়ে জনি মিয়াকে (৩০) ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।
দণ্ডপ্রাপ্ত জনি মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।
স্টেশন সুপার ও আদালত সূত্রে জানা গেছে, আখাউড়া রেলওয়ে স্টেশনে এক নারীকে ইভটিজিং করায় ওই নারীর বাবা নিরাপত্তা বাহিনীর সদস্যকে জানায়। পরে স্টেশন সুপারিন্টেনডেন্টের সহযোগিতায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা জনি মিয়াকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিন্টেনডেন্ট মো. নুরনবী জানান, দুপুরে ট্রেন থেকে নেমে যাওয়ার সময় এক নারী যাত্রীকে ইভটিজিং করে এক যুবক। ওই নারীর বাবা বিষয়টি আমাকে জানালে পুলিশের সহযোগিতায় আমি তাকে আটক করি। পরে উপজেলা প্রশাসনকে জানালে আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়।
আখাউড়া রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর সুদর্শন কান্তি দে বলেন, দণ্ডপ্রাপ্ত জনিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই