পাবনার আটঘরিয়ায় পরকীয়া সম্পর্কের জেরে নিজ সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. তাওহিদ (৪)। সে ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী টুটুল ইসলাম ও মোছা. মুক্তা খাতুন দম্পতির ছেলে। টুটুল গত দুই বছর ধরে প্রবাসে অবস্থান করছেন।
স্থানীয়দের অভিযোগ, গত দুই বছর ধরে ‘হৃদয়’ নামের এক যুবকের সঙ্গে অভিযুক্ত মুক্তা খাতুনের পরকীয়ার সম্পর্ক চলছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশুটির মা মুক্তা খাতুন ঘরের ভেতরে বালিশ চাপা দিয়ে নিজের সন্তানকে হত্যার পরপরই নিজেও আত্মহত্যার চেষ্টার নাটক করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেরে দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নিহত শিশু তাওহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের জেরে এই নির্মম ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, পরিবার ও স্থানীয়দের দেয়া তথ্য অনুসারে- সন্তান হত্যার ঘটনা পরকীয়া থাকার কারণে হতে পারে। যেহেতু মেয়েটি অসুস্থ আছে, তাই তার সাথে পুলিশ পাঠানো হয়েছে। একটু সুস্থ হলেই তাকে জিজ্ঞাসা বাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
এফআর