পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা খ্রিষ্টান পল্লীর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে অসুস্থ হয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী সবুজ মণ্ডলকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূ হলেন উপজেলার ফৈলজানা খ্রিষ্টান পল্লীর আলোচিত সুবল মণ্ডলের পুত্রবধূ মনীষা মণ্ডল (২৫)।
বুধবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে নির্যাতনের শিকার মনীষা অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলের দিকে তার মৃত্যু হয়।
গৃহবধূর পরিবার ও এলাকাবাসী জানান, মনিষাকে তার স্বামী প্রায়ই মারধর ও নানাভাবে নির্যাতন করতো। গত ২৭ মার্চ ঢাকা থেকে বাড়ি আসেন। এরপর মনিষাকে মারপিট করা হয়। মারপিটের কারণেই সে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু হাসপাতালে না নিয়ে বাড়িতেই রাখা হয়। বুধবার অবস্থার অবনতি হলে তাকে পাবনার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা ছিলেন বলেন তার বাবা উপেন সরকার জানান।
এ ব্যাপারে বুধবার দিবাগত রাতে চাটমোহর থানায় উপেন সরকার নিহতের স্বামী সবুজ, শ্বশুর সুবল সহ ৪ জনকে বিবাদী করে হত্যা মামলা করেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার হোসেন জানান, মরদেহের ময়নাতদন্ত হয়েছে। স্বামী সবুজকে রাতে গ্রেফতার করে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/জোই