নওগাঁর রাণীনগরে ৫ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে নিজাম (৫৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে একাধিক অভিযোগ পাওয়া যায় অভিযুক্ত নিজামের বিরুদ্ধে। এর আগে গত সোমবার (৩০ মার্চ) উপজেলার প্রত্যন্ত এক গ্রামে ওই শিশুর সঙ্গে এমন ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তবে ভুক্তভোগীর পরিবার রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। কখনও মুখ খুলছে, আবার কখনও মান সম্মানের ভয়ে চুপ থাকছেন। এক সময় বিচার চাইলেও আরেক সময় ইচ্ছের বিরুদ্ধে সমাধান চাচ্ছেন। তবে স্থানীয়দের আশা নিজামের বিচার হোক।
অভিযোগ ওঠা নিজাম উপজেলার নিচ তালিমপুর মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা।
সরেজমিনে গেলে স্থানীয় একাধিক নারী ও পুরুষ জানান, নিজামের বিরুদ্ধে কিছু দিন পরপর এসব ঘটনার খবর পাওয়া যায়। এর আগেও সে একাধিক মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটিয়েছে। এরপরে কোনো অদৃশ্য কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। বিচার না হওয়ার কারণে সে আবারও সুযোগ পায়।
ঘটনার দিন দুপুরে ৫-৬ বছরের শিশু বাচ্চাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে নিজাম। সে ওই শিশুর সঙ্গে আগেও একবার এরকম আচরণ করে। পরবর্তীতে ওই শিশুটির পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা ঘটনাটি জানতে পারে। এক সময় বিষয়টির মীমাংসার চেষ্টা চালায় কিছু লোকজন। কিন্তু অভিযুক্ত নিজামের সাড়া না পেয়ে বিষয়টি থেমে আছে।
ভুক্তভোগী ওই শিশুর বাবা বলেন, আমার মেয়েকে নিয়ে গিয়ে স্পর্শ কাতর জায়গা হাত দেয় নিজাম। এসব বিষয়ের কথা বলতে লজ্জা লাগে। আগেও আমার মেয়ের সঙ্গে এগুলো করছে। মেয়ে বিষয়গুলো আমাদেরকে বলার সাহস পায়নি। একদিন বাসায় সবার সঙ্গে কথা বলার সময় মেয়ে এক পর্যায়ে বিষয়টি জানায়। এর আগেও অন্য মেয়েদের সঙ্গে এসব কাজ করেছে।
নিজামের বাড়িতে গিয়েও তার দেখা পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোবাইফোনে কল দিলে নিজামের স্ত্রী পরিচয় দিয়ে এক নারী বলেন, সে বাড়িতে নেই। আমি তার স্ত্রী। ওই শিশুর পরিবারের সঙ্গে আমাদের একটা গন্ডগোল চলছে। তাই তারা অপবাদ ও হেনস্তা করার জন্য এসব রটাচ্ছেন। এছাড়া ওই শিশুর সঙ্গে কি এমন করতে পারে প্রশ্নের সুরে তিনি বলেন। আর আগে এমন কোনো ঘটনা নেই।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ধরনের কাজ অন্যায়। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিব।
সময়ের আলো/জোই