জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়, বরং ‘হ্যাঁ’ ভোটের পক্ষের শক্তি। আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই।
শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নুরুল ইসলাম মনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তবে একটি মহল দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়।
একাত্তরের পরাজয় মেনে নিতে না পেরে একটি পক্ষ সংবিধান ছিঁড়ে ফেলার হুমকি দিচ্ছে বলে দাবি করেন তিনি।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাবুল।
এসময় আবদুস সালাম বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছে। বর্তমানে জনগণকে সঙ্গে নিয়ে দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করে দলটি টিকে আছে বলেও মন্তব্য করেছেন তিনি।
একটি মহল বিএনপিকে ছোট করার চেষ্টা করছে এবং দেশকে অস্বাভাবিক পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায় বলে অভিযোগ করেন তিনি। এছাড়া মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এখনো বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই তারেক রহমান এগিয়ে যাচ্ছেন এবং তার কর্মের মধ্য দিয়েই তা প্রতিফলিত হচ্ছে।
/ইউএমএইচ