তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ের তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য মন্ত্রণালয়ের পুরোনো কাঠামোকে আমূল পরিবর্তন করা প্রয়োজন।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পাবনা জেলা স্কুল চত্বরে ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তথ্যের অবাধ প্রবাহ এবং অপতথ্য রোধে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, একদিকে যেমন তথ্যের প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন, তেমনি অপতথ্যের হাত থেকে জনগণকে রক্ষা করতে নির্দিষ্ট রেগুলেশন এবং দায়িত্বশীলতার সীমানা নির্ধারণ করা জরুরি।
জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন যে, সাইবার জগৎ, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো গণমাধ্যম জগতে আসার পর তথ্যের সংজ্ঞায় আমূল পরিবর্তন এসেছে। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী আইন-কানুন ও কাঠামো তৈরি করা হয়নি।
মন্ত্রণালয়কে আধুনিক করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীও এই ডিজিটাল পরিবর্তনের বিষয়ে পূর্ণ অবগত আছেন। খুব দ্রুতই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সময়ের সঙ্গে সংগতিপূর্ণ এবং যুগোপযোগী পরিবর্তন আনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এড. মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর আলোকচিত্রী ও পাবনা জাসাসের আহ্বায়ক খালেদ আহমেদ পরাগ, পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, জেলা ইয়াং জার্নালিস্ট ফোরামের সভাপতি তারেক খান ও সাধারণ সম্পাদক রনি ইমরান প্রমুখ।