মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের ৩৫তম দিন গত ৩ এপ্রিল ইরানে ধ্বংস হয় যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধবিমান। বিধ্বস্ত হওয়া এফ-১৫ জেটটিতে দুজন পাইলট ছিলেন। তাদের একজনকে উদ্ধার করেছে মার্কিনিরা। তবে নাম-পরিচয় প্রকাশ করেনি। এদিকে আরেকজন পাইলট নিখোঁজ। যাকে খোঁজার পায়তারা চলছে। এর পেছনে নাকি তাকে হত্যার ছঁক লুকিয়ে আছে।
রোববার (৫ এপ্রিল) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এমনটাই দাবি করে জানায়, একটি সামরিক সূত্র জানিয়েছে, দুই দিন আগে ইরানে ভূপাতিত হওয়া একটি যুদ্ধবিমানের পাইলটকে বোমা মেরে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
সামরিক সূত্রটি তাসনিমকে আরও জানায়, ইরানি সশস্ত্র বাহিনীর হাতে দুই দিন আগে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ হয়েছে আমেরিকানরা। পরে হতাশ হয়ে যেখানে তার থাকার সম্ভাবনা রয়েছে, এখন সেসব স্থানে বোমা মারছে।
সূত্রটি উল্লেখ করেছে, আমেরিকানরা আজ রাতে কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের কিছু এলাকায় বোমাবর্ষণ করেছে, কারণ তারা ভেবেছিল তাদের পাইলট ওই এলাকায় অবস্থান করছেন। আমেরিকানরা তাদের দ্বিতীয় ব্যক্তি, যাকে তারা ফ্লাইট ক্রু বলছে, তাকে খুঁজে পেতে মরিয়া হয়ে বেশ কয়েকটি স্থানে বোমা মেরেছে।
তবে ওই ব্যক্তি বর্তমানে ইরানি বাহিনীর কবজায় আছে কিনা, সে বিষয়ে সূত্রটি কোনো মন্তব্য করেনি।
সূত্রটি জানায়, আমরা এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলছি না, তবে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে, আমেরিকানরা প্রথম পাইলট সম্পর্কেও সম্পূর্ণ সত্য বলছে না, যাকে তারা উদ্ধার করেছে বলে দাবি করছে।
সামরিক সূত্রটির মতে, এই ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের কাহিনী আমেরিকানদের জন্য আরেকটি বড় কেলেঙ্কারি হয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।
/ইউএমএইচ