চট্টগ্রামের ফটিকছড়িতে সালিশি বৈঠকে ডেকে নিয়ে নুরুল আবসার (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আবসার ওই এলাকার খোন্দকার পাড়া বাগানের টিলা এলাকার নবিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাঁতমারা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি সমাজের উদ্যোগে চুরি ও ডাকাতি প্রতিরোধে একটি সালিশি বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে নুরুলসহ কয়েকজনকে উপস্থিত থাকার জন্য ডাকা হয়। বৈঠকে উপস্থিত হওয়ার পর হঠাৎ কিছু উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালায় এবং এলোপাথাড়ি মারধর শুরু করে।
জানা গেছে, গুরুতর আহত নুরুলকে স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মুহাম্মদ করিম বলেন, এটি খুবই পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। ডেকে নিয়ে এভাবে জলজ্যান্ত মানুষকে পিটিয়ে হত্যার মধ্যদিয়ে প্রমাণ হলো আইনের শাসন ঘুমিয়ে পড়ায় এ ধরনের হত্যাকাণ্ড ঘটেছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি।
সময়ের আলো/জোই/আরবিএন