প্রথম ধাপে হামের টিকা পাবে ১২ লাখ শিশু : ইউনিসেফ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রথমে ধাপে শুরু করা হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় ৩০ উপজেলার ৬ মাস থেকে পাঁচ বছর বয়সি ১২ লাখের বেশি শিশু

2026-04-05T22:10:43+00:00
2026-04-05T22:10:43+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
প্রথম ধাপে হামের টিকা পাবে ১২ লাখ শিশু : ইউনিসেফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:১০ পিএম   (ভিজিট : ৫২)
হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যরা। ছবি : সংগৃহীত
প্রথমে ধাপে শুরু করা হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় ৩০ উপজেলার ৬ মাস থেকে পাঁচ বছর বয়সি ১২ লাখের বেশি শিশু টিকা পাবে বলে জানিয়েছে ইউনিসেফ।

রোববার (৫ এপ্রিল) বিকালে ইউনিসেফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ধাপে ধাপে এ টিকাদান কর্মসূচি দেশের অন্যান্য সিটি করপোরেশন ও বাকি জেলাগুলোতে সম্প্রসারণ করা হবে।

ইউনিসেফ বলেছে, ঢাকা ও কক্সবাজারে ঘনবসতিপূর্ণ ও উচ্চ ঝুঁকির এলাকাগুলোতে সর্বোচ্চসংখ্যক শিশুকে টিকার আওতায় আনতে কঠোর প্রচেষ্টা চালানো হবে। জরুরি-এ টিকাদান কর্মসূচি নিয়মিত টিকা দেওয়ার প্রচেষ্টার সম্পূরক হিসেবে কাজ করবে।

এটি টিকাদানের লক্ষ্য পূরণ, স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী এবং ভবিষ্যতে সংক্রমণ প্রতিরোধের সক্ষমতা তৈরির একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে কাজ করবে বলেও তুলে ধরেছে সংস্থাটি।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, বাংলাদেশজুড়ে হামের সংক্রমণ বৃদ্ধিতে হাজার হাজার শিশু, বিশেষ করে ছোট শিশু ও সবচেয়ে অসহায় অবস্থায় থাকা শিশুরা গুরুতর ঝুঁকির মুখে পড়ায় ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, এভাবে সংক্রমণ ফিরে আসাটা গুরুতর রোগপ্রতিরোধ ক্ষমতার ঘাটতির দিকটি তুলে ধরছে, বিশেষ করে যেসব শিশুরা একেবারেই কোনো টিকা পায়নি অথবা টিকার আংশিক ডোজ পেয়েছে এমন শিশুদের ক্ষেত্রে। পাশাপাশি নয় মাসের কম বয়সি শিশু যারা এখনো নিয়মিত টিকাদানের জন্য উপযুক্ত নয়, তাদেরও সংক্রমিত হওয়ার বিষয়টা বিশেষভাবে উদ্বেগজনক।


হামে প্রাণ হারানো রোগীদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার এই জরুরি টিকাদান কার্যক্রম নিয়ে যে প্রচেষ্টা গ্রহণ করেছে তাতে সহায়তা প্রদান করছি। সমন্বিত পদক্ষেপের মাধ্যমে সংক্রমণের এই ফিরে আসাটা নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রতিটি শিশু যেন টিকার আওতায় আসে, রোগপ্রতিরোধ ক্ষমতার ঘাটতি পূরণ করা যায় এবং এই প্রতিরোধযোগ্য রোগ থেকে বাংলাদেশের শিশুদের সুরক্ষিত রাখতে ইউনিসেফ, সরকার ও অংশীজনদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

ইউনিসেফ বলেছে, টিকা কেনা ও বিতরণ, কোল্ড চেইন ব্যবস্থা শক্তিশালীকরণ, জনসচেতনতা তৈরি এবং বাবা-মা ও অভিভাবকেরা (কেয়ারগিভার) যাতে অবগত থাকেন ও তাদের সন্তানদের টিকা দেন সেটা নিশ্চিত করতে কাজ করছে তারা। এছাড়া প্রত্যন্ত এলাকার শিশু, উপেক্ষিত থেকে যাওয়া শিশু ও সমস্যাসঙ্কুল এলাকার শিশুদের টিকাদান নিশ্চিতে সম্মুখভাগের স্বাস্থ্যকর্মী ও অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে সংস্থাটি।

এফআর


  বিষয়:   প্রথম  ধাপে  হামের টিকা  শিশু  ইউনিসেফ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: