চা ও চা-বাগানের শ্রমিকদের নিয়ে নির্মিত হয়েছে অরিজিনাল ফিল্ম ‘চা গরম’। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই ফিল্মে জুটি বেঁধেছেন সাফা কবির ও পার্থ শেখ। সম্প্রতি এর অফিসিয়াল পোস্টার প্রকাশ হয়েছে। ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে পহেলা বৈশাখে। প্রকাশিত পোস্টারে স্পষ্টই হয়েছে গল্পটির সঙ্গে ‘চা’-এর সম্পর্ক রয়েছে।
পরিচালক জানিয়েছেন, চা-বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, অধিকার, তাদের জীবনমানের কিছু কিছু অংশ এই ফিল্মে পাবেন দর্শকরা। চমকে যাওয়ার মতো চা-বাগানের অজানা তথ্য প্রকাশ পাবে এই ফিল্মে।
ফিল্মটি প্রসঙ্গে সাফা কবির বলেন, চা গরমের প্রতি আমার আগ্রহের অন্যতম বড় কারণ ছিল পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তিনি সবসময়ই ভিন্ন ধরনের গল্প বলেন এবং তার কাজের মধ্যে একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। একই সঙ্গে গল্পটিও আমার কাছে খুব শক্তিশালী লেগেছে। এটি আমাদের সমাজের এমন একটি দিককে তুলে ধরে, যেটা আমরা অনেক সময় দেখি না কিন্তু খুব কাছেই থাকে। এই বিষয়টাই আমাকে এই কাজটির অংশ হতে অনুপ্রাণিত করেছে।
পার্থ শেখ বলেন, গল্পটি আমাকে ভীষণ টেনেছে। কাজটি করেও ভালো লেগেছে। বৈশাখে দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে ফিল্মটি। ‘চা গরম’ ফিল্মে সাফা কবির, পার্থ শেখ ছাড়াও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতিসহ অনেকে। পোস্টারে তাদের চরিত্র নিয়ে খুব ভালো ধারণা পাওয়া যায়নি। তবে শিগগিরই টিজার বা ট্রেলার প্রকাশের মাধ্যমে সেই আগ্রহ বা অপেক্ষা দূর হবে দর্শকদের। ‘চা গরম’-এর গল্প ও চিত্রনাট্য করেছেন সাইফুল্লাহ রিয়াদ।