ইরানকে দেওয়া সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে যুক্তরাষ্ট্রের আকাশে ‘ডুমসডে প্লেন’ বা প্রলয়ঙ্করী বিমান উড্ডয়ন ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার (৬ এপ্রিল) নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটির ওপর এই বিশেষ সামরিক বিমানকে একাধিকবার চক্কর দিতে দেখা যায়।
বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’ মূলত পারমাণবিক যুদ্ধ বা জাতীয় জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য তৈরি। এটি আকাশে ভাসমান কমান্ড সেন্টার হিসেবে কাজ করে, যেখানে প্রেসিডেন্টসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা নিরাপদে থেকে দেশের কার্যক্রম পরিচালনা করতে পারেন।
ফ্লাইট ট্র্যাকারের তথ্য অনুযায়ী, বিমানটি অফুট ঘাঁটি থেকে উড্ডয়ন করে কয়েকবার এলাকাটি প্রদক্ষিণ করে ফিরে যায়। এমন সংবেদনশীল সময়ে এর উপস্থিতি নজর কেড়েছে, বিশেষ করে যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান সামনে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। সেই সময়সীমা শেষ হওয়ার আগে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজন হলে খুব অল্প সময়ের মধ্যেই কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
তবে বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ‘ডুমসডে প্লেন’ নিয়মিত সামরিক প্রস্তুতির অংশ হিসেবেও উড্ডয়ন করে থাকে। তাই এর উপস্থিতি সরাসরি আসন্ন পারমাণবিক হামলার ইঙ্গিত দেয়, এমনটা নিশ্চিতভাবে বলা যায় না।
পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও এখনই পারমাণবিক হামলার সম্ভাবনা নিশ্চিত নয়, বরং এটি কৌশলগত চাপ ও শক্তি প্রদর্শনের অংশ হতে পারে।
/ইউএমএইচ