তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের ভবনের কাছে গোলাগুলির ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বন্দুকধারী বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুল শহরে ইসরায়েলি কনস্যুলেট ভবনের কাছে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, গুলির শব্দ শোনা গেলে একজন পুলিশ কর্মকর্তা বন্দুক বের করে আড়ালে আশ্রয় নিচ্ছেন। সেখানে একজন ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।
হামলাকারীদের অস্ত্র বহন করতে দেখা গেছে। পুলিশের সাথে গোলাগুলিতে দুই হামলাকারী নিহত হয় এবং তৃতীয় আরেক হামলাকারীকে আটক করে পুলিশ।
তুরস্কের ইসরাইলি কনস্যুলেট এলাকায় সবসময় সশস্ত্র পুলিশের কঠোর অবস্থান থাকে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, গুলির ঘটনার পর সশস্ত্র পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছে। গোলাগুলির সময় দূতাবাস খোলা ছিল বলে জানা গেছে।
তুরস্ক থেকে আলজাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ইস্তাম্বুলের কনস্যুলেট ভবনে কোনো ইসরাইলি কূটনীতিক কর্মরত নেই। এমনকি তুরস্কের রাজধানী আঙ্কারায় ইসরাইলি দূতাবাসেও কোনো ইসরাইলি কূটনীতিক নেই। অর্থাৎ ওইসব কূটনৈতিক মিশনের ভেতরে থাকা কর্মচারীরা মূলত স্থানীয়, যারা কনস্যুলেট বা দূতাবাসে কাজ করে।
হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় তুরস্ক বা ইসরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/আআ