মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শহিদ শরিফ ওসমান বিন হাদি আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দিতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে বাংলাদেশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিল্লি গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে তার এই ভারত সফর। সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অমীমাংসিত ইস্যুগুলোর পাশাপাশি শেখ হাসিনা ও ওসমান হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে।
দুই দিনের সফরের শুরুতেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ৮ এপ্রিল তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত অপরাধীদের প্রত্যর্পণের বিষয়টি এই সফরের অন্যতম প্রধান এজেন্ডা। ভারতে থাকা অনেকেরই বাংলাদেশের আদালতে সাজা হয়েছে, আবার অনেকের বিচারিক প্রক্রিয়া চলমান। এই বিষয়গুলো নিয়ে ভারতের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে।
গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রী দিল্লি সফরে গেলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এই গুরুত্বপূর্ণ সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বর্তমান ‘থমকে যাওয়া’ সম্পর্ক থেকে বেরিয়ে এসে একটি স্বাভাবিক ও কার্যকর কূটনৈতিক পরিবেশে ফিরতে চায় বাংলাদেশ।
দিল্লি অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও তার একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সময়ের আলো/আআ