চাঁপাইনবাবগঞ্জ জেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে আমসহ বিভিন্ন খেতের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এই আকস্মিক বৃষ্টি হয়।
জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষকরা এই প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, সদর উপজেলায় বিকেল ৩টার দিকে বৃষ্টি শুরু হলে কিছুক্ষণ পর শিবগঞ্জ উপজেলায় তীব্র শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১৫ মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টিতে আকাশ থেকে ৫০ থেকে ১০০ গ্রাম ওজনের বড় বড় শিলা পড়েছে।
শিলাবৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমের বাগান। গাছে থাকা কাঁচা আম ঝরে পড়েছে এবং অনেক আম আঘাতে নষ্ট হয়েছে। পাশাপাশি শাকসবজি ও অন্যান্য খেতের ফসলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ড. ইয়াছিন আলী আরও জানান, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের জন্য মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পরই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।
স্থানীয় কৃষকেরা মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে হতাশা ও দুশ্চিন্তায় রয়েছেন। তারা সরকারের সহায়তা ও ক্ষতিপূরণের আশায় দিন গুনছেন।
সময়ের আলো/জোই