চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় বিতরণ করা খাবারে পচা ডিম পাওয়ার অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আইরিন আক্তার জানায়, মিড-ডে মিল পাবে ভেবে তারা খুব খুশি ছিল। কিন্তু ডিমে তীব্র দুর্গন্ধ থাকায় কেউ তা খেতে পারেনি। পচা খাবার খেয়ে অসুস্থ হলে তো আমরা পড়াশোনা করতে পারব না। আমরা চাই কর্তৃপক্ষ যেন আমাদের সবসময় টাটকা ও স্বাস্থ্যকর খাবার দেওয়ার ব্যবস্থা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান বলেন, বিদ্যালয়ে ৩৫৪ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে প্রায় ২০০টি ডিম পচা পাওয়া গেছে। ডিমগুলো বাইরে থেকে ভালো মনে হলেও ভেতরে নষ্ট ছিল। সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হবে, যাতে ভবিষ্যতে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করা যায়, বলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, শুরুতে ভালো মানের খাবার দেওয়া হলেও বর্তমানে নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এ বিষয়ে প্রত্যাশী’র মতলব উত্তরের প্রজেক্ট ম্যানেজার আহাম্মেদ তাসনীন আলম বলেন, যদি এই রকম ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিক ডিমগুলো পরিবর্তন করে দেব। ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকবো।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৯ মার্চ থেকে মতলব উত্তর উপজেলায় মিড-ডে মিল কর্মসূচি চালু করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আওতায় বিভিন্ন পুষ্টিকর খাবার সরবরাহের কথা রয়েছে।
সময়ের আলো/আরবিএন