ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরে হাসপাতালের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় মানুষরা। উপজেলা সদরের অভাবে আমুয়া ইউনিয়নে ব্রিটিশ আমলে স্থাপিত হাসপাতালটি মূলত পার্শ্ববর্তী উপজেলাবাসীকে সুবিধা দিচ্ছে, তবে কাঠালিয়া উপজেলার প্রায় কয়েক লাখ মানুষ এখনও সেবা থেকে বঞ্চিত।
এছাড়া জেলার রাজাপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। হাসপাতালটির বেশির ভাগ স্টাফ অনুপস্থিত এবং সীমিত সংখ্যক কর্মী দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফলে এলাকার মানুষ মৌলিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি ও বিএনপি ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল জাতীয় সংসদে বক্তব্যে এই সমস্যা তুলে ধরেন।
তিনি বলেন, কাঠালিয়ার জনগণ স্বাধীনতার ৫৫ বছর পরেও উপজেলা সদরে হাসপাতাল পায়নি। গর্ভবতী নারী যখন সন্তান প্রসব করতে আসেন, তখন হাসপাতালে নেওয়ার জায়গা নেই। আমরা চাই সরকার স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে দ্রুত কাঠালিয়া সদরে হাসপাতাল স্থাপন করবে। রাজাপুরের ৫০ শয্যা হাসপাতালও জরাজীর্ণ, এটি একশ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, রাজাপুর-কাঠালিয়া একটি বিশেষ এলাকা। এখানকার মানুষ যাতে ভালো স্বাস্থ্য সেবা পায়, তার জন্য প্রধানমন্ত্রীর, স্পিকারের এবং স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।
এলাকার মানুষ এমপির এই দাবীকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আরবিএন