রাতের আঁধারে বালুচর উধাও

শরীফুল ইসলাম, চাঁদপুর

সারাদেশ

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনায় হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত

2026-04-09T01:35:32+00:00
2026-04-09T01:35:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাতের আঁধারে বালুচর উধাও
শরীফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:৩৫ এএম 
মেঘনা তীরবর্তী এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে নদী রক্ষা বাঁধ। ছবি : সময়ের আলো
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনায় হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধ। এক রাতের ব্যবধানে কয়েক একর জেগে ওঠা বালুচর বিলীন হয়ে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর পানির খাদ, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।

উপজেলার চরভৈরবী ইউনিয়নের ১ নম্বর গাজীনগর এলাকায় নদী রক্ষা বাঁধসংলগ্ন বিশাল বালুচরটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের দৈনন্দিন জীবনের অংশ ছিল। আশপাশে খেলার মতো খোলা জায়গা না থাকায় শিশু-কিশোরদের প্রধান ভরসা ছিল এই চর। প্রতিদিন বিকালে সেখানে বসত ফুটবল খেলার জমজমাট আসর। কিন্তু গত মঙ্গলবার সকালে সেই চেনা দৃশ্য যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়। 

স্থানীয়রা জানান, সোমবার বিকালেও যেখানে শিশু-কিশোররা খেলাধুলায় মেতে ছিল, পরদিন সকালে গিয়ে দেখা যায় পুরো বালুচরটি নেই। রাতের আঁধারে প্রভাবশালী একটি চক্র ড্রেজার দিয়ে বালু কেটে নিয়ে গেছে। ফলে সেখানে এখন শুধু অথৈ পানি আর ভাঙনের শঙ্কা।

স্থানীয় বাসিন্দা দুলু মুন্সি ক্ষোভ প্রকাশ করে বলেন, সোমবার বিকালে এখানে ছেলেরা ফুটবল খেলেছে। সকালে এসে দেখি মাঠটাই উধাও। ড্রেজার দিয়ে সব বালু তুলে নেওয়া হয়েছে। এভাবে বালু কাটতে থাকলে নদী রক্ষা বাঁধ টিকবে না। বাঁধ ভেঙে গেলে আমাদের বসতভিটা, ফসলি জমি সব নদীতে চলে যাবে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নদীর তীর ঘেঁষে নির্মিত বাঁধটি এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। হাইমচর থানা পুলিশ জানায়, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সাতজনকে আসামি করে মঙ্গলবার একটি মামলা দায়ের করা হয়েছে। 


ঘটনাস্থল থেকে আসা জাহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই প্রভাবশালী একটি চক্র মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রশাসনের নজরদারি বাড়ানো না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ভাঙন ও ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নদী রক্ষা বাঁধের স্থায়ী সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, মামলার পরপরই আমরা অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছি। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমাদের স্টকে থাকা কংক্রিট ব্লক এনে প্রাথমিকভাবে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। স্থায়ী সমাধানের জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রাত  আঁধার  বালুচর  মেঘনা নদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: