চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের প্রবেশমুখে অনুমোদন ছাড়াই নির্মিত একটি বিশালাকার লোহার তোরণ ঘিরে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যস্ত মহাসড়কের ওপর স্থাপিত এই ঝুঁকিপূর্ণ কাঠামো দ্রুত অপসারণে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
অভিযোগ উঠেছে, সাবেক চসিক মেয়র এম. মনজুর আলমের উদ্যোগে তোরণটি নির্মাণ করা হয়েছে।
তবে সিডিএ জানিয়েছে, এ ধরনের কোনো স্থাপনার অনুমোদন দেওয়া হয়নি বরং জননিরাপত্তার কারণে আবেদন নাকচ করা হয়েছিল।
সরেজমিনে দেখা গেছে, একটি গুরুত্বপূর্ণ সেতুর পরপরই সড়কের দুই পাশ দখল করে ভারী লোহার কাঠামোর ওপর তোরণটি নির্মাণ করা হয়েছে। এর ভিত্তি ইট-সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে গড়া। তোরণে ধর্মীয় নাম ব্যবহার করা হলেও নিচে বড় করে সাবেক মেয়রের নাম উল্লেখ করা হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের মতো ঝুঁকিপূর্ণ স্থানে এমন স্থাপনা চালকদের দৃষ্টি বিভ্রান্ত করছে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। বিশেষ করে কন্টেইনারবাহী লরি ও উচ্চতাসম্পন্ন ট্রাক চলাচলের সময় তোরণটি ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে।
সিডিএ চেয়ারম্যান নুরুল করিম বলেন, মহাসড়কের ওপর এ ধরনের স্থায়ী ও ভারী স্থাপনা সম্পূর্ণ অবৈধ। এটি দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নিজ থেকে সরানো না হলে উচ্ছেদ অভিযান চালানো হবে।
সিডিএর প্রকৌশলী আসাদ বিন আনোয়ার জানান, বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ায় রয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সিডিএর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল দ্রুত এই তোরণ অপসারণ করে সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সময়ের আলো/আরবিএন