সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া বাজার থেকে মাধবপুর বাজার পর্যন্ত গ্রামীণ রাস্তার বেহাল দশা। এতে করে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় ভাঙা সড়ক, খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।
বিশেষ করে বৃষ্টির মৌসুমে এই দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, কাঁচা রাস্তাজুড়ে রয়েছে বড় বড় গর্ত ও কাদার স্তূপ। এই রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রী, কৃষক, দিনমজুর থেকে শুরু করে হাজারো মানুষের যাতায়াত। কিন্তু রাস্তাটির এ দুরবস্থা যান চলাচলকে প্রায় অচল করে তুলেছে। ভ্যান, অটোরিকশা চালকরা কোনোভাবে ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দারা জানান, শুকনো মৌসুমেও রাস্তাটি চলাচলের কোনো রকম অবস্থায় থাকে। তবে বৃষ্টির মৌসুমে হেঁটে যাতায়াতও দুষ্কর হয়ে পড়ে।
বোয়ালিয়া গ্রামের প্রকৌশলী আল আমিন বলেন, সড়কটি দিয়ে প্রায় পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করেন। বৃষ্টি সময় আমরা হেঁটে বাজারে গিয়ে অটোরিকশা করে যাতায়াত করি।
ইজিবাইক চালক ইসমাইল হোসেন বলেন, খানাখন্দ আর কাদার কারণে গাড়ির কন্ট্রোল বক্স ও মোটর বারবার নষ্ট হয়ে যায়। বিশেষ করে কিছু প্রভাবশালী ব্যক্তির অবৈধ পুকুর খনন করে ড্রামট্রাকে মাটি বিক্রি করছেন। সেই মাটি বহনের ফলে রাস্তাটা একেবারে শেষ হয়ে গিয়েছে। এখন বৃষ্টি হওয়ার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় রুহুল আমিন আকন্দ সড়কটি দ্রুত পাকা করণের জন্য দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সিরাজগঞ্জ প্রকল্প ও এমপি স্যারের প্রকল্প রেডি করেছি। প্রকল্পগুলোর মধ্যে বোয়ালিয়া হাট থেকে মাধবপুর পর্যন্ত রাস্তা দেওয়া আছে কিনা দেখতে হবে।
সময়ের আলো/জোই