কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত যুবকের তিন টুকরো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ওই মরদেহটি আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী কোনো এক যুবকের বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের পাশে বস্তাবন্দী মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বস্তাবন্দী অবস্থায় ওই মরদেহের তিনটি খণ্ডিত অংশ উদ্ধার করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
সময়ের আলো/আরবিএন