কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দৌছড়ি বনবিটের হরিণ মারা এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ি বালুভর্তি অবৈধ ডাম্পার আটক করেছে উখিয়া বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানায়, বুধবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বন রেঞ্জের (ভারপ্রাপ্ত) রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান ও দৌছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনির নেতৃত্বে একদল বনকর্মীরা দৌছড়ি বনবিটের হরিণ মারা এলাকায় অভিযান চালিয়ে উখিয়া রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হেডম্যান মোঃ ইব্রাহিমের মালিকানাধীন বালুভর্তি অবৈধ ডাম্পার জব্দ করতে সক্ষম হয়। ডাম্পারটির নাম্বার চট্ট মেট্রো-শ-১১-৩৫১০।
সূত্র জানায়, মোঃ ইব্রাহিম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে হেডম্যান পরিচয় দিয়ে সরকারি বনভূমির পাহাড় চিহ্নিত করে রোহিঙ্গা শ্রমিকদের মাধ্যমে পাহাড় কেটে ডাম্পার দিয়ে মাটি পাচার করতেন। এতে সরকারি বনভূমি বিরান ভূমিতে পরিণত হয়। বন বিভাগের অভিযানে ডাম্পার জব্দ হওয়ার পর তিনি জব্দকৃত ডাম্পারে মামলা না দেওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন এবং লাখ টাকার মিশন হাতে নিয়ে উখিয়া রেঞ্জ অফিসের ধারে ধারে ঘুরছেন।
উখিয়া বন রেঞ্জের (ভারপ্রাপ্ত) রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান ডাম্পার জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ডাম্পারের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।
সময়ের আলো/আরবিএন