জাপানের টিকেট পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

২০১৩ সালে আন্তর্জাতিক হকিতে শুরু জাতীয় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার রোমান সরকারের। মালয়েশিয়ার ইপোতে অনুষ্ঠিত এশিয়া কাপ দিয়ে। দেখতে দেখতে হকিতে

2026-04-10T03:36:01+00:00
2026-04-10T03:36:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
জাপানের টিকেট পেল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:৩৬ এএম 
মিডফিল্ডার রোমান সরকার। ছবি: সংগৃহীত
২০১৩ সালে আন্তর্জাতিক হকিতে শুরু জাতীয় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার রোমান সরকারের। মালয়েশিয়ার ইপোতে অনুষ্ঠিত এশিয়া কাপ দিয়ে। দেখতে দেখতে হকিতে এক যুগেরও বেশি সময় পার হয়ে গেছে তার। ফর্ম এবং ফিটনেস— এ দুই কারণে কখনো জাতীয় দল থেকে বাদ পড়েননি। লাল-সবুজ জার্সিতে টানা খেলে গেছেন কুমিল্লার ছেলেটি।

হকি আঙিনায় নিষ্ঠা, সততা আর পরিশ্রমের এক বলিষ্ঠ উদাহরণ রোমান। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার জাতীয় দলে (সিনিয়র টিমে) নিজের ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়েছেন। রেকর্ড গড়ে দলের ম্যাচ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ পেনাল্টি শুটআউটে যে ৪-৪ (৩-২) গোলে জিতেছে, সেখানে এক গোল ছিল রোমানের।

দলের অপরিহার্য সদস্য হিসেবে নিজ দলে যেমন প্রশংসিত হন নিয়মিত, তেমনি আন্তর্জাতিক অঙ্গন থেকেও গতকাল স্বীকৃতি আদায় করে নিয়েছেন রোমান। শততম ম্যাচ খেলার পুরস্কারস্বরূপ এশিয়ান হকি ফেডারেশন রোমানকে সংবর্ধনার পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। এমন প্রাপ্তিতে দারুণ খুশি রোমান। থাইল্যান্ড থেকে মোবাইল ফোনে সময়ের আলোকে তিনি জানান, ‘১০০তম ম্যাচ খেলার সৌভাগ্য খুব কম জনেরই হয়ে থাকে। আমি সৌভাগ্যবান, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন। এ জন্য আমি ফেডারেশন, আমার কোচ-মেন্টর, পরিবার-বন্ধু এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞ।’

রোমানের রেকর্ডের দিনে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব থেকে মূলপর্বে উঠেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ম্যাচটি ছিল লাল-সবুজের জন্য ডু আর ডাই। জিতলে পঞ্চম-ষষ্ঠ স্থানে লড়াইয়ের সুযোগ থাকবে, হেরে গেলে সপ্তম-অষ্টম স্থানে নেমে যাবে। সেই সঙ্গে হারাতে হবে চূড়ান্তপর্বে খেলার সুযোগ। এমন সমীকরণে থাকা ম্যাচটি অনেক পরিশ্রম আর হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছে বাংলাদেশ। আজ পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণীতে চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচে হারলেও সমস্যা হবে না। কারণ টুর্নামেন্টের ৬ দল পাবে চূড়ান্তপর্বে খেলার টিকেট। সেই হিসাবে বাংলাদেশের ষষ্ঠ স্থান নিশ্চিত হয়ে গেছে। আজ তাইপেকে হারালে পঞ্চম স্থান নিশ্চিত হবে।


হংকংয়ে বিপক্ষে বৃহস্পতিবার শুরু থেকেই দুর্দান্ত ছিল বাংলাদেশ। প্রথম ৭ মিনিটেই প্রতিপক্ষের জালে দুই গোল পুরে আশিকুজ্জামানের দল। অবশ্য প্রথম কোয়ার্টারে হংকংও বাংলাদেশের জালে এক গোল দেয়। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে রোমান-রাব্বিরা। চার কোয়ার্টারের (৬০ মিনিটে খেলা) ম্যাচে দ্বিতীয় কোয়ার্টারে ১ গোল দিয়ে সমতায় শেষ করে হংকং। শেষ দুই কোয়ার্টারে একবার বাংলাদেশ এগিয়ে যায় তো, পরে গোল পরিশোধ করে সমতায় ফেরে হংকং। এভাবে ৪-৪ গোলে সমতায় রেখে নির্ধারিত সময়ে খেলা শেষ হয়। বাংলাদেশের পক্ষে রাকিবুল হাসান রকি একটি ফিল্ড গোল করেন। বাকি তিন গোলের দুটি আশরাফুল ইসলাম পেনাল্টি থেকে, অপর গোলটি আমিরুল করেন পেনাল্টি স্ট্রোক থেকে।

সমতায় থাকা ম্যাচটি পরে গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে দুদল ৫টি করে গোলের সুযোগ পায়। বাংলাদেশ সেখানে ৩-২ গোলে ম্যাচ জিতে। শুটআউটে রোমান, রাব্বি ও আবেদ একটি করে গোল করেন। গোলরক্ষক বিপ্লব হংকংয়ের তিনটি গোল ঠেকিয়ে দলকে হারের মুখ থেকে রক্ষা করেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ প্রসঙ্গে রোমান সরকার জানান, ‘এমন ম্যাচ খুব কমই হয়েছে। দুদলই জেতার চেষ্টা করেছে। হংকংকে হারিয়ে আমরা মূলপর্বের টিকেট পেয়েছি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যেন আমরা শুক্রবার (আজ) চাইনিজ তাইপেকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারি।’


এফআর


  বিষয়:   মিডফিল্ডার  রোমান সরকার  জাপান  টিকেট  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: