আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। সাত শতাধিক শিল্পীর অংশগ্রহণে পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
অন্যান্য আয়োজনের পাশাপাশি সম্মেলনের দুই দিনের সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে গীতি-আলেখ্য, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনায়।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক লিলি ইসলাম জানান, এবারের সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক অংশগ্রহণ করবেন। সম্মেলনের উদ্বোধন করবেন প্রাবন্ধিক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার।
এ বছর গুণী-সম্মাননা হিসেবে ‘রবীন্দ্রপদক’ প্রদান করা হবে অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে।
সকাল ১০টায় বোধন সংগীত ‘আমি মারের সাগর পাড়ি দেব’ পরিবেশনের মাধ্যমে মূল আয়োজনের সূচনা হবে। সকাল ১০টা ৪০ মিনিটে কিশোর ও সাধারণ বিভাগে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুটি মঞ্চে একযোগে। এর আগে গতকাল ঢাকায় বাছাইপর্বে প্রায় চার শতাধিক প্রতিযোগী অংশ নেন।
দুদিনের আয়োজনের প্রথম দিন আজ সন্ধ্যায় বিশেষভাবে থাকছে নজরুলসংগীতের একটি পর্ব। দ্বিতীয় দিন আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ‘বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীত’ বিষয়ের ওপর অনুষ্ঠিত হবে সেমিনার।
উল্লেখ্য, ১৯৭৯ সালে শিল্পী জাহিদুর রহিমের স্মরণে প্রতিষ্ঠিত সংগঠনটি পরবর্তী সময়ে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ নামে আত্মপ্রকাশ করে। বর্তমানে এর সক্রিয় শাখা রয়েছে ৮২টি। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বাঙালির সাংস্কৃতিক বিকাশ, বিশেষ করে রবীন্দ্রসংগীত চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রতি অধিবেশনে দেশের গুণীজনদের সম্মাননা প্রদান এবং ‘জাহিদুর রহিম স্মৃতি পুরস্কার’ প্রতিযোগিতার আয়োজন এ ধারারই অংশ।
এফআর