বক্স অফিসে ঝড় তোলা ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’-এর সাফল্যের মাঝেই সামাজিকমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ও রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা পাড়ুকোন। স্বামীর এই হিট সিনেমা নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া না দেওয়ায় তাকে ঘিরে তৈরি হয়েছিল ‘নীরবতা’-এর বিতর্ক।
অবশেষে সমালোচনার জবাব দিয়েছেন দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, আমি তো অনেক আগেই ছবিটা দেখে ফেলেছি, তোমাদের সবার আগেই। এরপরই মজার ছলে ট্রোলারদের খোঁচা দিয়ে তিনি যোগ করেন, এবার বলো কার মজা হলো?
দীপিকার সংক্ষিপ্ত ও তীক্ষ্ণ মন্তব্যেই কার্যত সমালোচকদের মুখ বন্ধ হয়ে গেছে বলে মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। এরই মাঝে দীপিকার পরের ছোট মন্তব্যটি দ্রুত ভাইরাল হয়েছে।
অভিনেত্রীর এমন জবাবের পর এবার তার ভক্তরা পাল্টা ট্রোল করতে শুরু করেছেন সমালোচকদের। এক ভক্ত মন্তব্য করেছেন, কাউকে সমর্থন করার জন্য সবসময় প্রকাশ্যে আসতে হয় না, এটা মানুষ কবে বুঝবে?
অন্য একজন বিদ্রুপ করে লিখেছেন, আপনারা কি ভুলে গেছেন যে দীপিকা রণবীরের সঙ্গেই এক বাড়িতে থাকেন? তার আলাদা করে উইশ করার দরকার নেই।
এর আগে ‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব মুক্তির সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে প্রশংসা করেছিলেন দীপিকা। এবার তিনি সরাসরি মন্তব্য না করলেও ব্যক্তিগতভাবে স্বামীকে সমর্থন করছেন বলে জানা গেছে। সিনেমা মুক্তির পর একাধিকবার দুজনকে একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে।
আসলে দীপিকা যে তার ও রণবীরের সম্পর্ককে ব্যক্তিগত রাখতে চাইছেন, সেটাই স্পষ্ট বুঝিয়ে দিলেন। যদিও এর মাঝে অনেকেই জল্পনা উস্কে মন্তব্য করেছিলেন যে, তাদের সম্পর্কে চিড় ধরেছে। যদিও সত্যিটা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
বরের ছবির প্রদর্শনীর দিনেও শাশুড়ির সঙ্গেই একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। ফলে সম্পর্ক যে তাদের অটুট আছে, তা স্পষ্ট।
উল্লেখ্য, রণবীর সিং অভিনীত এই স্পাই-অ্যাকশন থ্রিলার ইতিমধ্যেই হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে এবং রেকর্ড ভাঙার পথে।
এফআর